সাইফ হাসান: পশ্চিম লন্ডনে খতনার পর এক শিশুর মৃত্যু হওয়ার ঘটনায় কড়া সতর্কবার্তা দিয়েছেন একজন করোনার। ছয় মাস বয়সী মোহাম্মদ আবদিসামাদ ইনফেকশনের শিকার হয়ে গত বছর মা\রা গেছে। সরকারি কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এমন জীবনের ঝুঁকি বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে খতনা কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ ও তদারকি প্রয়োজন।
পশ্চিম লন্ডনে ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি ছয় মাস বয়সী শিশু মোহাম্মদ আবদিসামাদের খতনা করানো হয়েছিল। পরিবারের অনুরোধে একজন পরিচিত ব্যক্তি এই কাজ সম্পন্ন করেন। কিন্তু এর তিন থেকে চার দিন পরেই শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগে হিলিংডন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নেওয়ার পর শিশুটি হৃদরোগে আক্রান্ত হয় এবং সেই রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২৫ সালের ৮ অক্টোবর একটি জুরি ইনকুয়েস্টে জানানো হয় যে খতনার পর ইনভেসিভ স্ট্রেপ্টোকক্কাস সংক্রমণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এই করুণ পরিণতি হয়েছে বলে অভিমত চিকিৎসকদের।
সহকারী করোনার অ্যান্টন ভ্যান ডেলেন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি রিপোর্ট তৈরি করেছেন। তিনি বলেন যে প্রশিক্ষণ বা রেজিস্ট্রেশন ছাড়া খতনার মতো কাজ করায় শিশুদের জীবন চরম ঝুঁকিতে পড়ছে। বর্তমানে এই বিষয়ে কোনো জাতীয় সুরক্ষা ব্যবস্থা বা কোনো আইনগত তদারকি নেই যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
এই রিপোর্টটি স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ এবং আবাসন ও কমিউনিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগামী ৫৬ দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুর পরিবার এবং লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকেও এই রিপোর্টের কপি সরবরাহ করা হয়েছে।
#লন্ডন #শিশুনিরাপত্তা #সতর্কবার্তা #aknews #onebanglanews















