লাখ লাখ মানুষের দোয়ায় শেষ বিদায় নিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

113

সাইফ হাসান: আজ লাখ লাখ মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা ছিল জনসমুদ্রে সমতুল্য। চোখের জল আর হৃদয়ের ভালোবাসা নিয়ে প্রিয় নেত্রীর মৃ*ত দেহকে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সেখানে জড়ো হন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাপিয়ে মানুষের ভিড় ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার ও খামারবাড়ি এলাকা পর্যন্ত।

জানাজা শুরুর আগে থেকেই সংসদ ভবন এলাকা সর্বস্তরের মানুষের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে। প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অসুস্থ শরীর নিয়ে হুইলচেয়ারে করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে আসেন। এছাড়াও জানাজায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

জানাজা শেষে প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। নজিরবিহীন এই লোকসমাগম শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে শেরেবাংলা নগরে নিয়ে যাওয়া হয়। সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

দাফন সম্পন্ন হওয়ার পর মানুষ যখন নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছিল তখনও শহরের বিভিন্ন রাস্তায় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে। অনেকেই খালেদা জিয়ার ছবিসংবলিত কালো পতাকা নিয়ে এবং বুকে শোকের ব্যাজ ধারণ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। রাজধানীর ইতিহাসে অন্যতম বৃহত্তম এই জানাজা শেষে নগরজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

#khaledazia #bnpnews #janaza #bangladesh #aknews #onebanglanews