ইংল্যান্ডে সামান্য সর্দি কাশি ও হেঁচকির জন্য হাসপাতালে উপচে পড়া ভিড়

97

সাইফ হাসান: ইংল্যান্ডের হাসপাতালগুলোতে সামান্য শারীরিক সমস্যায় রোগীদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যখাতে নতুন সংকট তৈরি করছে। সাধারণ কাশি কিংবা হেঁচকির মতো সমস্যা নিয়েও হাজার হাজার মানুষ এখন জরুরি বিভাগে ভিড় করছেন। পারিবারিক চিকিৎসকের কাছে সহজে সিরিয়াল না পাওয়ায় সাধারণ মানুষ হাসপাতালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। গত কয়েক বছরে কাশির সমস্যায় হাসপাতালে আসার সংখ্যা প্রায় দশ গুণ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

ইংল্যান্ডের এনএইচএস ডাটা অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় ১৪ লাখ মানুষ সাধারণ কাশির চিকিৎসার জন্য এএন্ডই বিভাগে গিয়েছেন। এমনকি হেঁচকি, কোষ্ঠকাঠিন্য এবং নাক বন্ধ হওয়ার মতো তুচ্ছ সমস্যার জন্য কয়েক হাজার মানুষ জরুরি বিভাগে ভিড় করছেন। ২০২৪-২৫ সালে দেখা গেছে, প্রায় ২২ লাখ রোগীর ক্ষেত্রে বড় কোনো শারীরিক সমস্যাই খুঁজে পাননি চিকিৎসকরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় জিপি বা ফ্যামিলি ডাক্তারদের কাছে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়াই এই সংকটের প্রধান কারণ। এনএইচএস প্রোভাইডার্সের প্রধান নির্বাহী ড্যানিয়েল এলকেলস জানান, কানের ব্যথা বা কাশির মতো ছোটখাটো সমস্যার জন্য হাসপাতালে আসার ঘটনা প্রমাণ করে যে স্থানীয় স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।

রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের প্রেসিডেন্ট ডক্টর ইয়ান হিগিনসন সতর্ক করে বলেছেন, হাসপাতালগুলো মূলত বড় ধরনের দুর্ঘটনা বা জীবন সংশয়ের চিকিৎসার জন্য তৈরি। কিন্তু সাধারণ রোগের চাপে জরুরি বিভাগগুলো এখন শয্যা সংকটে ভুগছে। সরকার আগামী ১০ বছরের একটি পরিকল্পনা হাতে নিলেও এখনই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

#englandhealth #nhsnews #hospitalupdate #aknews #onebanglanews