সাইফ হাসান: দৃশ্যম ৩ সিনেমা নিয়ে বলিউডে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তিন গুণ পারিশ্রমিক দিতে রাজি হলেও শেষ মুহূর্তে সিনেমাটি ছেড়ে দিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক। অক্ষয়ের পরিবর্তে এখন এই চরিত্রে অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে এই অঘটনটি ঘটল।
দৃশ্যম ৩ সিনেমা থেকে অভিনেতা অক্ষয় খান্না বাদ পড়া নিয়ে এখন উত্তাল বলিউড। প্রযোজক কুমার মঙ্গত পাঠক অভিযোগ করেছেন যে অভিনেতার অপেশাদার আচরণের কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই চুক্তিবঙ্গের অভিযোগে ইতিমধ্যেই অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সিনেমাটির প্রযোজক জানান যে চরিত্রের লুক ও পরচুলা পরা নিয়ে মতপার্থক্যের কারণে অক্ষয় শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে সিনেমাটি ছেড়ে দেন। যদিও তাকে আগের কিস্তির তুলনায় তিন গুণ বেশি পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার জায়গায় এখন দক্ষ অভিনেতা জয়দীপ আহলাওয়াতকে চূড়ান্ত করা হয়েছে।
কুমার মঙ্গত পাঠক দাবি করেন যে অক্ষয় খান্না সাম্প্রতিক সাফল্যের পর নিজেকে অনেক বড় তারকা ভাবতে শুরু করেছেন। তার অভিযোগ অনুযায়ী শুটিংয়ের প্রস্তুতির জন্য বড় অঙ্কের অর্থ খরচ করার পর অভিনেতার এমন সিদ্ধান্তে পুরো প্রজেক্টের সময়সূচি ব্যাহত হয়েছে। তবে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির প্রধান তারকা অজয় দেবগন ঠিকই সিনেমাতে থাকছেন।
এই সিনেমাটি ২০২৬ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে জয়দীপ আহলাওয়াতকে নিয়ে সিনেমার কাজ নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন নির্মাতারা। এই পুরো বিতর্ক নিয়ে অভিনেতা অক্ষয় খান্নার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
#বলিউড #দৃশ্যম৩ #অক্ষয়খান্না #সিনেমা #বিতর্ক #aknews #onebanglanews











