৫০ দিন পর অনশন ভাঙলেন ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী অ্যামি গার্ডিনার গিবসন

54

সাইফ হাসান: ৫০ দিন অনশন করার পর অবশেষে গুরুতর অসুস্থ হয়ে প্রতিবাদ থেকে সরলেন ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী অ্যামি গার্ডিনার গিবসন। কারাগারে বন্দি থাকা অবস্থায় বিভিন্ন দাবির মুখে তিনি ও তার কয়েকজন সঙ্গী এই দীর্ঘ অনশন কর্মসূচি পালন করছিলেন। বর্তমানে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো নমনীয়তা দেখানো না হলেও এখন পর্যন্ত চারজন প্রতিবাদকারী তাদের অনশন ভঙ্গ করেছেন। ফিলিস্তিনপন্থী এই সংগঠনের ওপর থেকে নি*ষিদ্ধ তকমা সরানোর দাবি জানিয়েছেন তারা।

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সাথে জড়িত থাকার অভিযোগে আটক অ্যামি গার্ডিনার গিবসন অবশেষে দীর্ঘ ৫০ দিন পর তার অনশন শেষ করেছেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। তার আগে আরও তিনজন এই প্রতিবাদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখনো আরও অন্তত তিনজন কারাগারে খাবার গ্রহণ থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা এই বন্দিদের সুস্থতা কামনা করছেন কিন্তু অনশনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন যে গত পাঁচ বছরে কারাগারে এমন শত শত অনশনের ঘটনা ঘটেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। চিকিৎসকরা নিয়মিত বন্দিদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

আন্দোলনকারীরা মূলত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থাকা সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছেন। একই সাথে তারা কারাগারে বিচারাধীন বন্দিদের জন্য উন্নত সুযোগ-সুবিধার দাবিও করেছেন। আগামী বছরের শুরুতে এই গ্রুপের ওপর থাকা নিষেধাজ্ঞা নিয়ে উচ্চ আদালতের রায় দেওয়ার কথা রয়েছে।

অ্যামি গার্ডিনার গিবসন গত ২ নভেম্বর থেকে অনশন শুরু করেছিলেন এবং ৪৮ দিন পার হওয়ার পর তার অনশন ভঙ্গের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাকি আন্দোলনকারীদের মধ্যে হেবা মুরাইসি এবং কামরান আহমেদ এখনো অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ফিলিস্তিনপন্থী এই কর্মীদের সমর্থনে গত সপ্তাহে পেন্টনভিল কারাগারের সামনে বিক্ষোভও করেছে সাধারণ মানুষ।

#ফিলিস্তিন #অনশন #লন্ডন #মানবাধিকার #aknews #onebanglanews