সাইফ হাসান: লন্ডনের রাস্তায় আবারও দেখা মিলল রহস্যময় শিল্পী ব্যাঙ্কসির আঁকা নতুন দেয়ালচিত্রের। এবার প্রায় একই রকমের দুটি ছবি দেখা গেছে শহরের ভিন্ন দুই জায়গায়। পশ্চিম লন্ডনের বেসওয়াটার এবং সেন্ট্রাল লন্ডনের সেন্টার পয়েন্ট টাওয়ারের পাশে এই চিত্রকর্মগুলো ফুটে উঠেছে। ছবিগুলোতে দুই শিশুকে শীতের পোশাক পরে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন বড়দিন উপলক্ষে শিশুদের গৃহহীনতার করুণ চিত্র ফুটিয়ে তুলতে এমন উদ্যোগ নিয়েছেন এই শিল্পী।
রহস্যময় স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসি লন্ডনের বেসওয়াটার এলাকায় তার নতুন একটি দেয়ালচিত্রের কথা নিশ্চিত করেছেন। ছবিতে দেখা যায় দুইজন শিশু শীতের বিশেষ পোশাক এবং টুপি পরে মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে তিনি এই নতুন কাজের কথা বিশ্ববাসীকে জানান।
বেসওয়াটারের পাশাপাশি লন্ডনের সেন্টার পয়েন্ট টাওয়ারের বাইরেও ঠিক একই রকম একটি দেয়ালচিত্র দেখা গেছে। শিল্পবোদ্ধাদের মতে গৃহহীন শিশুদের প্রতি সাধারণ মানুষের অবহেলা বোঝাতে এমন ব্যস্ত একটি এলাকা বেছে নেওয়া হয়েছে। সেন্টার পয়েন্ট ভবনটি ঐতিহাসিকভাবে আবাসন সংকটের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
আগেও বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে ব্যাঙ্কসি তার শিল্পকর্মের মাধ্যমে সোচ্চার হয়েছেন। এর আগে ২০১৮ সালে পোর্ট টালবটে ঠিক একই রকম একটি শিশুর ছবি তিনি এঁকেছিলেন। এ বছর লন্ডনের বিভিন্ন স্থানে পশুপাখির ছবি দিয়েও তিনি বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন।
#ব্যাঙ্কসি #লন্ডন #শিল্পকর্ম #গৃহহীনতা #আন্তর্জাতিক















