সাইফ হাসান: পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিক্ষোভকারীরা দীপু দাসের হ*ত্যা র বিচার ও সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের প্রায় তিনশ সদস্য শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে তারা সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।
আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ভিসা অফিসের ভেতরে গিয়ে কার্যক্রম বন্ধ রাখার আলটিমেটাম দেয়। তারা সাফ জানিয়ে দেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চললে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না। নিরাপত্তার কথা ভেবে ডিইউডিজিটাল নামের ওই প্রতিষ্ঠানটি বিকালেই ভিসা কেন্দ্র বন্ধ করে দেয়।
এই ঘটনার পর কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিলিগুড়ির এই কেন্দ্রে ভিসার আবেদন নেওয়া হবে না। একইসঙ্গে দিল্লির বাংলাদেশ হাইকমিশনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ রেখেছে।
#শিলিগুড়ি #ভিসাকেন্দ্র #বাংলাদেশ #ভারত #কূটনীতি















