সাইফ হাসান: লন্ডনের একটি স্টেশনে ম*দ পান করে রেললাইনে পড়ে যাওয়া এক বৃদ্ধ মা\রা গেছে। ব্রায়ান মিচেল নামের ওই ব্যক্তি অন্তত সাতটি ট্রেনের নিচে পিষ্ট হয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি লাইনে পড়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ওঠার চেষ্টা করেছিলেন। কোনো ট্রেনের চালকই তাকে সময়মতো দেখতে না পাওয়ায় এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়। আদালত দীর্ঘ তদন্ত শেষে এই পুরো ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে রায় দিয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২৬ ডিসেম্বর লন্ডনের স্ট্রাটফোর্ড স্টেশনে। ৭২ বছর বয়সী ব্রায়ান মিচেল প্লাটফর্মের একদম শেষ প্রান্তে ব্যাগ নিয়ে প্রায় এক ঘণ্টা বসে ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি টালমাটাল অবস্থায় লাইনে পড়ে যাওয়ার পর ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন।
ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে ব্রায়ানের শরীরে বৈধ সীমার চেয়ে তিন গুণ বেশি অ্যালকোহল ছিল। জুবিলে লাইনের সাতটি ট্রেন তার শরীরের ওপর দিয়ে চলে গেলেও কোনো চালকই কিছু বুঝতে পারেননি। এমনকি একজন চালক লাইনে পড়ে থাকা দেহকে খেলনা পুতুল ভেবে ভুল করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
ইস্ট লন্ডন করোনার্স কোর্ট এই মৃত্যুর তদন্ত শেষে একে নিছক দুর্ঘটনা বলে রায় দিয়েছে। আদালত জানিয়েছে ব্রায়ানের শরীরে লাগাতার আঘাতের ফলে তার বুক ও মাথায় গুরুতর ক্ষতি হয়। ট্রান্সপোর্ট ফর লন্ডন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ব্রায়ান মিচেল মূলত এডিনবার্গে জন্মগ্রহণ করেছিলেন এবং লন্ডনের হ্যানওয়েল এলাকায় থাকতেন। তার পরিবার আদালতের এই তদন্তে সন্তুষ্টি প্রকাশ করলেও সাতবার ট্রেনের নিচে পড়ার বিষয়টি অবিশ্বাস্য বলে মন্তব্য করেছে। এমন মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
#লন্ডন #রেললাইন #দুর্ঘটনা #আন্তর্জাতিক_নিউজ #তদন্ত















