ব্রিটেনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে ত্রুটি এশীয় ও কৃষ্ণাঙ্গরা ঝুঁকিতে

113

সাইফ হাসান: ব্রিটেনের পুলিশি কাজে ব্যবহৃত ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে বড় ধরণের ত্রুটি ধরা পড়েছে। সরকারি পরীক্ষায় দেখা গেছে এই প্রযুক্তি শ্বেতাঙ্গদের তুলনায় এশীয় ও কৃষ্ণাঙ্গ মানুষদের ভুলভাবে শনাক্ত করার সম্ভাবনা বেশি। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্যার কথা স্বীকার করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। মানবাধিকার কর্মীরা এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন।

ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির বা এনপিএল-এর সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে পুলিশের এই প্রযুক্তি নির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠীকে ভুলভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করছে। তথ্যে দেখা যায় এশীয়দের ক্ষেত্রে ভুল শনাক্তের হার ৪ শতাংশ এবং কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে তা ৫.৫ শতাংশ। অথচ শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই ভুলের হার মাত্র ০.০৪ শতাংশ যা অত্যন্ত নগণ্য।

প্রতিবেদনে আরও উঠে এসেছে যে কৃষ্ণাঙ্গ নারীদের ক্ষেত্রে এই প্রযুক্তির ভুলের মাত্রা সবচেয়ে উদ্বেগজনক। কৃষ্ণাঙ্গ পুরুষদের ক্ষেত্রে ভুলের হার যেখানে ০.৪ শতাংশ সেখানে নারীদের বেলায় তা বেড়ে প্রায় ৯.৯ শতাংশে দাঁড়িয়েছে। পুলিশ ও ক্রাইম কমিশনাররা জানিয়েছেন পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই এই প্রযুক্তি ব্যবহারের ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারেন।

লিবার্টি নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পুলিশের এই প্রযুক্তি ব্যবহার জাতিগত বৈষম্য বাড়াতে পারে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই ফলাফল গুরুত্বের সাথে দেখছে এবং একটি নতুন অ্যালগরিদম পরীক্ষা করছে। আগামী বছরের শুরুতেই এই ব্যবস্থার উন্নয়ন ও কার্যকারিতা নিয়ে পুনরায় মূল্যায়ন করা হবে বলে সরকার জানিয়েছে।

#UKNews #FacialRecognition #TechBias #BanglaNews #HumanRights