ব্রিটেনে অভিবাসন কমলেও বেড়েছে ছোট নৌকায় অ*বৈধ প্রবেশ

90

সাইফ হাসান: ব্রিটেনে গত এক বছরে বৈধ অভিবাসীর সংখ্যা বিশাল ব্যবধানে কমে করোনা মহামারির আগের অবস্থায় ফিরে গেছে। তবে উদ্বেগের বিষয় হলো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় অ*বৈধ প্রবেশকারীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে একদিকে মানুষ ব্রিটেন ছেড়ে যাচ্ছে অন্যদিকে এসাইলাম বা আশ্রয়ের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়ছে যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস বা ওএনএস জানিয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে নেট মাইগ্রেশন বা নিট অভিবাসীর সংখ্যা কমে দুই লাখ চার হাজারে দাঁড়িয়েছে। এই সময়ে প্রায় আট লাখ আটানব্বই হাজার মানুষ ব্রিটেনে এসেছেন এবং প্রায় সাত লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। অর্থাৎ গত বছরের তুলনায় নিট অভিবাসীর সংখ্যা প্রায় ৬৯ শতাংশ কমেছে।

বৈধ অভিবাসন কমলেও ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা থামছে না। হোম অফিসের তথ্য মতে, ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার ২৯২ জন মানুষ ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ বেশি।

এদিকে ব্রিটেনে আশ্রয় বা এসাইলাম আবেদনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ আশ্রয়ের আবেদন করেছেন যা আগের বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। তবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর হারও কিছুটা বেড়েছে এবং গত এক বছরে প্রায় ৩৬ হাজার মানুষকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হয়েছে।

#UKImmigration #SmallBoats #LondonNews #BanglaNews #AsylumSeekers