অভিবাসী ও শরণার্থী লেখকদের জন্য দেড় লাখ টাকার সাহিত্য পুরস্কার ঘোষণা

63

সাইফ হাসান: অভিবাসী এবং শরণার্থী পটভূমির লেখকদের জন্য ঘোষণা করা হলো ১৫ হাজার পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) নতুন একটি সাহিত্য পুরস্কার। ‘ফুটনোট এক্স কাউন্টারপয়েন্টস’ নামের এই পুরস্কার বিজয়ীর জন্য থাকছে প্রকাশনা চুক্তি ও মোটা অঙ্কের অর্থ। এই পুরস্কারের লক্ষ্য হলো বাস্তুচ্যুতি, সাহস ও আপনত্বের মতো বিষয়কে উপজীব্য করে যারা ফিকশন লিখেন, তাদের খুঁজে বের করা। এই উদ্যোগটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের লেখকদের জন্য উন্মুক্ত, যার মাধ্যমে নতুন সাহিত্যিক কণ্ঠস্বর তুলে ধরা হবে।

ফুটনোট প্রেস (বনিয়ার বুকস ইউকে-এর একটি ইমপ্রিন্ট) এবং কাউন্টারপয়েন্টস আর্টস যৌথভাবে এই ফিকশন পুরস্কারের ঘোষণা দিয়েছে, যা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এই দুই সংস্থার এটি দ্বিতীয়বারের মতো যৌথ উদ্যোগ। এর আগে ২০২৩ সালে তারা নন-ফিকশন বিভাগে পুরস্কার দিয়েছিল, তবে এবারই প্রথম ফিকশন বা কথাসাহিত্যের উপর মনোযোগ দেওয়া হচ্ছে।

পুরস্কারের বিজয়ী নগদ ৭,৫০০ পাউন্ড পাবেন এবং ফুটনোট প্রেসের সাথে প্রকাশনা চুক্তির অংশ হিসেবে আরও ৭,৫০০ পাউন্ড অগ্রিম পাবেন। লন্ডনের সাউথব্যাঙ্ক সেন্টার এই পুরস্কারকে সমর্থন করবে এবং মে মাসে একটি জনসমক্ষে অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকরা তাদের কাজ নিয়ে আলোচনা করবেন।

এবারের বিচারক প্যানেলে রয়েছেন ‘দি আনগ্রেটফুল রিফিউজি’র লেখক দিনা নায়েরি, ওয়াটারস্টোনসের হেড অফ বুকস বিয়া কারভালহো, ফুটনোট প্রেসের এডিটর সেরেনা আর্থার এবং কাউন্টারপয়েন্টস আর্টসের পরিচালক আলমির কোল্ডজিচ। আলমির কোল্ডজিচ জানান, “বিভাজন ও অসহিষ্ণুতা বৃদ্ধির এই সময়ে পুরস্কারটি বিশেষভাবে প্রয়োজনীয়।” তিনি আশা করেন, এটি বাস্তুচ্যুতির অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা নতুন সাহিত্যিক কণ্ঠস্বর এবং দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে সাহায্য করবে।

লেখা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি তা শেষ হবে। জমা দেওয়া এন্ট্রিগুলোর সঙ্গে ৮,০০০ থেকে ১০,০০০ শব্দের একটি লেখার নমুনা এবং কমপক্ষে ১,৫০০ শব্দের সারসংক্ষেপ থাকতে হবে। মে মাসে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে এবং জুনে ‘রিফিউজি উইক’-এর সময় বিজয়ীর নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, নন-ফিকশন বিভাগে প্রথম ‘ফুটনোট এক্স কাউন্টারপয়েন্টস’ পুরস্কারটি ২০২৪ সালে পান সাবরিন হাসবুন তার ‘ক্রসিং: এ লাভ স্টোরি বিটুইন ইতালি অ্যান্ড প্যালেস্টাইন’ বইটির জন্য।

#অভিবাসী_সাহিত্য #লেখক_পুরস্কার #শরণার্থী_পটভূমি #সাহিত্য_প্রতিযোগিতা #ফুটনোট_আর্টস