বৃহস্পতিবার রাতের তাপমাত্রা স্কটল্যান্ডের টমিন্টুলে ছিল মাইনাস ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, ওয়েলসে মাইনাস ৭.২ ডিগ্রি সেলসিয়াস, নর্দার্ন আয়ারল্যান্ডে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ইংল্যান্ডের শ্যাপে মাইনাস ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামগ্রিকভাবে, গত ১১ জানুয়ারির পর যুক্তরাজ্যে এটিই ছিল সবচেয়ে শীতলতম রাত।
ঠান্ডার কারণে এই সপ্তাহে দেশের অনেক অংশে ব্যাপক তুষারপাত হয়েছে, যার ফলে জনজীবন ব্যাহত হয়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) ইংল্যান্ডের উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং ইয়র্কশায়ার ও হাম্বার এলাকার জন্য শনিবার সকাল ৮টা পর্যন্ত ‘অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট’ জারি করেছে।
এই সতর্কতার অর্থ হলো, দুর্বল জনগোষ্ঠীর ওপর ঠান্ডার গুরুতর প্রভাব পড়তে পারে এবং স্বাস্থ্য ও সমাজসেবা পরিষেবাগুলিতে চাহিদা বেড়ে যেতে পারে। এর আগে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে হলুদ আইস সতর্কতা জারি করা হয়েছিল, যা শুক্রবার দুপুর ১২টার মধ্যে তুলে নেওয়া হয়। তবে এই শৈত্যপ্রবাহের শেষ দিন শুক্রবার এবং সপ্তাহান্তে আবহাওয়া হালকা উষ্ণ ও আর্দ্র হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার তুষারপাতের কারণে স্কটল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১০০টিরও বেশি স্কুল বন্ধ ছিল। এছাড়া, উত্তর ইয়র্কশায়ারে ৪০টি এবং পূর্ব ইয়র্কশায়ারে ১০টি স্কুল বন্ধ ছিল। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভ্রমণের আগে তাদের যাত্রা যাচাই করে নিতে বলেছিল ন্যাশনাল রেল।
ওয়েলসের পেমব্রোকশায়ারে ৪০টি স্কুল বন্ধ ছিল এবং ন্যাশনাল গ্রিড জানিয়েছে যে পশ্চিম ওয়েলসে বিদ্যুৎ সংযোগ নিয়ে বেশ কয়েকটি সমস্যা হয়েছিল। এই ঠান্ডা আবহাওয়ার কারণে বয়স্ক এবং দুর্বল মানুষদের প্রতি যত্ন নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে এইজ ইউকে (Age UK) নামের একটি চ্যারিটি সংস্থা।
#ইউকে #শৈত্যপ্রবাহ #রেকর্ডভাঙাঠান্ডা #স্বাস্থ্যসতর্কতা #তুষারপাত















