সাইফ হাসান: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে তিন দিনব্যাপী জনপ্রিয় ‘রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২১ নভেম্বর। সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত এই সাহিত্য উৎসবকে ঘিরে লন্ডনের সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। উৎসবে ব্রিটিশ সাহিত্য ও গণমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্বরা অংশ নেবেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও আইডিয়া স্টোর যৌথভাবে হোয়াইটচ্যাপেলে অবস্থিত টাউন হলে এই উৎসবের আয়োজন করেছে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। রাজনৈতিক ভাষ্যকার অ্যাশ সরকার, কৌতুকাভিনেতা রবিন ইনস, ভ্রমণ লেখক মোনিশা রাজেশ, জনপ্রিয় ফ্যান্টাসি লেখক বেন অ্যারোনোভিচ এবং ম্যাপ মেন-এর মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা এ বছর উৎসবে যোগ দেবেন।
এই তিন দিনে আবাসন সংকট, নিউরোডাইভার্সিটি, মানসিক স্বাস্থ্য, এলজিবিটিকিউ+ অধিকার ও আন্দোলনসহ নানা সমকালীন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা, বই পরিচিতি ও প্যানেল অনুষ্ঠিত হবে। সাংবাদিক পিটার আপস আবাসন সংকট নিয়ে, এবং রবিন ইনস এডিএইচডি-সহ মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলবেন।
বিশেষ আকর্ষণ হিসেবে ব্রিটিশ-বাংলাদেশি লেখক শাহনাজ আহসান তাঁর স্মৃতিকথামূলক রেসিপি-বই ‘দ্যা জ্যাকফ্রুট ক্রনিক্যালস’ নিয়ে একটি সেশনে অংশ নেবেন। যেহেতু টাওয়ার হ্যামলেটস বাংলাদেশি-বংশোদ্ভূত সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাই এই সেশনে ব্রিটিশ-বাংলাদেশি রান্না, পারিবারিক স্মৃতি ও অভিবাসী জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হবে। উৎসবের সকল ইভেন্ট সবার জন্য ফ্রি হলেও, আসন সীমিত থাকায় আয়োজকরা দ্রুত বুকিং করার পরামর্শ দিয়েছেন।
#রাইটআইডিয়াফেস্টিভ্যাল #টাওয়ারহ্যামলেটস #বাংলা_সংস্কৃতি #সাহিত্যউৎসব #লন্ডন















