সাইফ হাসান: লিভারপুলের হিল ডিকিনসন স্টেডিয়ামে অ্যাশেজ রাগবি ম্যাচের আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ড্যানিয়েল জার্ভিস নামে এক অনলাইন প্র্যাঙ্কস্টার অস্ট্রেলিয়ান দলের কিট পরে খেলোয়াড়দের সাথে পোজ দেন। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি বুটল আদালতে হাজির হয়েছেন। ৩৭ বছর বয়সী জার্ভিস নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার চূড়ান্ত বিচার হবে ২০২৬ সালের এপ্রিলে।
ঘটনাটি ঘটে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে। ড্যানিয়েল জার্ভিস অস্ট্রেলিয়ার সম্পূর্ণ কিট পরে দলের তারকা খেলোয়াড় ক্যামেরন মানস্টারের পাশে দাঁড়িয়েছিলেন। ঘটনাটি বিবিসির লাইভ টিভি কভারেজেও ধরা পড়ে।
পরে, স্টেডিয়ামের কর্মীরা মার্সিসাইড পুলিশকে খবর দিলে জার্ভিসকে গ্রেপ্তার করা হয়। সাউথ সেফটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বৈধ কার্যকলাপে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। আদালত তাকে ২০২৬ সালের ২১ এপ্রিল আবার হাজিরার তারিখ দিয়েছেন।
জেলা জজ জেমস ক্লার্ক জার্ভিসকে জামিন দিলেও বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছেন। শর্তানুযায়ী, তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের কোনো পেশাদার স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না এবং ঘটনার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য তাকে একটি জিপিএস ইলেকট্রনিক ট্যাগ পরার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত থেকে ছাড়া পাওয়ার পর জার্ভিস সাংবাদিকদের জানান, তিনি এই মামলা নিয়ে কথা বলতে পারবেন না। এদিকে, অস্ট্রেলিয়ান খেলোয়াড় ক্যামেরন মানস্টার সাংবাদিকদের বলেছেন, প্রথমে বুঝতে সময় লাগলেও ঘটনাটি বেশ মজার ছিল।
উল্লেখ্য, শনিবারের সেই ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে ১৪-৪ পয়েন্টে হেরে যায়। এই হারের ফলে অ্যাশেজ সিরিজ জেতার আশাও শেষ হয়ে গেছে ইংল্যান্ডের।
#রাগবি #অ্যাশেজ #ইংল্যান্ড #অস্ট্রেলিয়া #আদালত















