‘ভুলে যাওয়া’ শিশুদের জন্য কাউন্সিলের দোরগোড়ায় জুতা প্রতিবাদ

71

সাইফ হাসান: ইংল্যান্ডে বিশেষ চাহিদাসম্পন্ন বা সেন্ড শিশুদের বাবা-মায়েরা এক অভিনব প্রতিবাদ করেছেন। ‘এভরি পেয়ার টেলস এ স্টোরি’ নামে এই ইভেন্টে তারা কাউন্সিল অফিসের বাইরে সারি সারি জুতা ফেলে রাখেন। এই জুতাগুলো ‘ব্যর্থ বা ভুলে যাওয়া’ শিশুদের প্রতীক। আয়োজকরা বলছেন, তারা শিশুদের জন্য উন্নত তহবিল ও ব্যবস্থার সংস্কার চান।

এই প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশের কাউন্সিল অফিসের বাইরে জুতা রাখা হয়। প্রতিটি জুতার সাথে শিশুদের ছবি এবং তাদের পরিবারের লেখা ব্যক্তিগত নোট সংযুক্ত ছিল। আয়োজকরা বলেন, এই শিশুরা শিখতে চায়, খেলতে চায়, কিন্তু তাদের জটিল চাহিদার কারণে তারা পিছিয়ে পড়ছে।

হ্যাম্পশায়ারের ওয়াটারলুভিলের বাসিন্দা এবং তিন সেন্ড সন্তানের মা আইমি ব্র্যাডলি এই ‘সেন্ড স্যাঙ্কচুয়ারি ইউকে’ গ্রুপটি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, “প্রতিটি গল্প শোনা খুবই মর্মান্তিক।” তিনি চান সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ বাবা-মায়েদের কথা শুনুক এবং তাদের বাদ দিয়ে সিদ্ধান্ত না নিক।

ডরচেস্টারে প্রতিবাদ সংগঠিত করেন কারমেন ম্যাককনেল, যার সাত বছর বয়সী মেয়ে একটি বিশেষজ্ঞ স্কুলের অপেক্ষায় আছে। অক্সফোর্ডে অ্যামি ওয়েব বলেন, “এই শিশুদের জন্য পর্যাপ্ত বিশেষজ্ঞ স্কুল নেই।” নিউবারিতে মারি লয়েলিন বলেন, সেন্ড শিশুদের জন্য পরিস্থিতি “ভয়াবহ” এবং তারা কেবল “বাধার সম্মুখীন” হচ্ছেন।

অক্সফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিল এই পরিস্থিতিকে “জাতীয় সংকট” বলে অভিহিত করেছে। এদিকে, শিক্ষা দফতর বলেছে যে তারা “একটি উন্নত ব্যবস্থা” দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে সরকার সম্প্রতি সেন্ড সিস্টেমের সংস্কার কাজ আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে।

#প্রতিবাদ #বিশেষশিশু #ইংল্যান্ড #শিক্ষা