বিষাক্ত ম*দের ঝুঁকি, ভ্রমণে ৮ দেশকে নিয়ে কঠোর সতর্কতা

163

সাইফ হাসান: নকল বা ভেজাল মদ পানে বিষাক্ত মিথানলে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে নতুন করে আটটি দেশকে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের জন্য জারি করা এই সতর্কতায় ইকুয়েডর, কেনিয়া ও রাশিয়ার মতো দেশগুলো অন্তর্ভুক্ত হয়েছে। পূর্বেও কয়েকটি দেশের ওপর এই সতর্কতা ছিল। এই বিষাক্ত রাসায়নিকের কারণে পর্যটকদের গুরুতর অসুস্থতা, এমনকি মৃ*ত্যুও হতে পারে।

মিথানল মূলত একটি শিল্প রাসায়নিক যা অ্যান্টিফ্রিজ এবং গাড়ির গ্লাস ক্লিনার তৈরিতে ব্যবহৃত হয়। এটি মানুষের পানের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত এবং মারাত্মক বিষাক্ত। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী খরচ কমাতে বা পরিমাণ বাড়াতে অবৈধভাবে তৈরি মদের সাথে এটি মিশিয়ে দেয়, যা পর্যটকদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে।

যুক্তরাজ্যের ফরেন অফিসের হালনাগাদ করা ভ্রমণ সতর্কতায় ইকুয়েডর, জাপান, কেনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, রাশিয়া এবং উগান্ডাকে নতুন করে যুক্ত করা হয়েছে। এর আগে থাইল্যান্ড, লাওস, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ এই তালিকায় ছিল। মিথানল বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং বিভ্রান্তি, যা ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতো মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে।

এই সতর্কতার পেছনে রয়েছে বেশ কিছু মর্মান্তিক ঘটনা। গত বছর লাওসে বিষাক্ত মদ পানে ছয়জন পর্যটকের মৃত্যু হয়। একই ঘটনায় ক্যালাম ম্যাকডোনাল্ড নামে আরেক ব্রিটিশ পর্যটক তার দৃষ্টিশক্তি হারান। এসব ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার এবং বেঁচে ফেরা মানুষেরা মিলে মিথানল সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রচারণা শুরু করেছেন। ফরেন অফিস ভ্রমণকারীদের লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে সিল করা পানীয় কেনা এবং ঘরে তৈরি মদ বা ককটেল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

#ভ্রমণসতর্কতা #মিথানল #যুক্তরাজ্য #নকলমদ