ঝড় ‘এমি’র প্রভাবে সুফোক ও নরফোকে বন্যা সতর্কতা জারি

131

সাইফ হাসান: ঝড় ‘এমি’-এর তীব্র প্রভাবে যুক্তরাজ্যের সুফোক ও নরফোকে জারি হয়েছে নতুন বন্যা সতর্কতা। স্থানীয় নদী ও উপকূলীয় এলাকায় পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার থেকেই ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গাছ পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এসেক্স ও নরফোকের বিভিন্ন স্থানে।

ইংল্যান্ডের পরিবেশ সংস্থা (ইএ) জানিয়েছে, রবিবার সকাল থেকেই রিভার ইয়্যার, রিভার ওয়েভনি এবং সাউথওল্ড উপকূল এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। তারা সতর্ক করেছে যে, ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢোকার সম্ভাবনা থাকায় প্রয়োজনে বাসিন্দাদের সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।

ইএ জানায়, রবিবার সকাল ৫টা ৪৫ মিনিট থেকে ২৪ ঘণ্টার জন্য নরউইচ থেকে গ্রেট ইয়ামাউথ পর্যন্ত রিভার ইয়্যার এলাকায় বন্যা সতর্কতা থাকবে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ক্যান্টলি, রিডহ্যামের ফেরি রোড, এ৪৭ মহাসড়ক এবং রিডহ্যাম থেকে ব্রান্ডাল পর্যন্ত রেললাইন। একইভাবে সকাল ৫টা ১৫ মিনিট থেকে রিভার ওয়েভনির পাশে লোউস্টফট, সেন্ট অলাভস, সামারলেটন, বার্গ সেন্ট পিটার, ওল্টন ব্রড এবং বেকলস এলাকাতেও সতর্কতা জারি হয়েছে।

সাউথওল্ড উপকূলে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে। ঝুঁকিতে রয়েছে সাউথওল্ড হারবার, ফেরি রোড ও কুইন্স রোডের নিচের অংশ। এ ছাড়া ব্লুথবার্গের এ১২ মহাসড়কসহ উপকূলবর্তী সড়ক ও হাঁটার পথেও পানি ওঠার আশঙ্কা করা হচ্ছে।

নরফোক পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে চারটার দিকে পড়ে যাওয়া গাছের কারণে ডিশ শহরের পার্ক রোড ও স্ট্যানলি রোড (এ১০৬৬) বন্ধ হয়ে যায়। একইভাবে এসেক্সের ব্রেইনট্রির কাছে কগগেশলের সেন্ট পিটার্স রোডেও একটি বড় গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঝড় ‘এমি’-এর দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় প্রায় ৫৫ মাইল (৮৯ কিমি), যা যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে।