সরকারের নতুন শিশু যত্ন সহায়তায় খরচ মেটে না, অভিভাবকদের অভিযোগ

34

সাইফ হাসান: ইংল্যান্ডে চালু হওয়া নতুন ৩০ ঘণ্টার বিনামূল্যে শিশু যত্ন সুবিধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। তাদের অভিযোগ, বাস্তবে এই সহায়তা খরচ কমাচ্ছে না। কেউ কেউ জানিয়েছেন, এখনও আয়ের বড় অংশ নার্সারির পিছনেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত চার্জও দিতে হচ্ছে। ফলে এটি পুরোপুরি ‘ফ্রি’ নয় বলে মনে করছেন অভিভাবকরা।

গ্লুচেস্টারশায়ারের একক মা মিকায়েলা মার্শ জানান, সরকারের নতুন সহায়তা নিয়েও তিনি আয়ের অর্ধেক নার্সারির খরচে ব্যয় করছেন। তিনি বলেন, দিনে মাত্র ছয় ঘণ্টা কভার করা হয়, অথচ চাকরির কারণে তার মেয়েকে দিনে ১০ ঘণ্টা রাখতে হয়। বাকি চার ঘণ্টার জন্য আলাদা ফি দিতে হয়, সঙ্গে খাবার ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ পাউন্ড দিতে হচ্ছে।

সুইন্ডনের হ্যাপি ডেজ নার্সারির একজন মুখপাত্রও অভিভাবকদের অভিযোগের সঙ্গে একমত হয়ে বলেন, সরকারের ‘ফ্রি চাইল্ডকেয়ার’ প্রচারণা বিভ্রান্তিকর। তিনি জানান, খাবার, বেবি ওয়াইপ, ন্যাপির মতো ভোগ্যপণ্যের জন্য বাড়তি খরচ দিতে হয়, যা অনেক অভিভাবকের জন্য ধাক্কা হয়ে আসে।

অন্যদিকে সুইন্ডনের চ্যানটেল টারগেট জানান, ৩০ ঘণ্টার সুবিধা শুধু টার্ম টাইমে পাওয়া যায়, ফলে সপ্তাহে গড়ে মাত্র ২২ ঘণ্টা কভার হয়। তিনি বলেন, পূর্ণকালীন চাকরিতে ফিরলে আয় মাত্র ১০০ পাউন্ড বাড়ত, তাই তিনি পাঁচ দিনের বদলে চার দিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাথের ৩৭ বছর বয়সী হান্নাহ জানান, তার ছেলের নার্সারি সরকারি তহবিল নেয় না, কারণ এতে তাদের খরচ উঠে আসে না। তিনি বলেন, আড়াই বছরে নার্সারির খরচ দিনে ৫০ পাউন্ড থেকে বেড়ে ৮৫ পাউন্ডে পৌঁছেছে। এ কারণে পরিবার আরও সন্তান নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছে।

অর্থ বিশেষজ্ঞ রাজান লাখানি বলেন, এই নতুন নীতির কারণে অনেক নার্সারি বন্ধ হয়ে যাচ্ছে বা বাড়তি চার্জ নিচ্ছে। তবে শিক্ষা দফতরের এক মুখপাত্র জানান, এই পরিকল্পনা শ্রমজীবী পরিবারকে প্রকৃত সহায়তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। তাদের দাবি, এখন হাজার হাজার পরিবার বছরে একেক সন্তানের জন্য প্রায় সাড়ে ৭ হাজার পাউন্ড পর্যন্ত সাশ্রয় করছে এবং সরকারের রেকর্ড বিনিয়োগের ফলে শিশু যত্ন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।