ব্রিটিশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার রিকি হ্যাটন মারা গেলেন ৪৬ বছরে

68

সাইফ হাসান: ব্রিটেনের প্রখ্যাত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার রিকি হ্যাটন নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছেন। ৪৬ বছর বয়সী এই কিংবদন্তিকে বক্সিং দুনিয়া চিনত ‘হিটম্যান’ নামে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হ্যাটনের মৃত্যুতে ব্রিটেনজুড়ে ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছে। ম্যানচেস্টারের ডার্বি ম্যাচে দুই দলের সমর্থকরাও তাকে স্মরণ করেছেন।

স্টকপোর্টে জন্ম নেওয়া হ্যাটন তার ক্যারিয়ারে ওয়েল্টারওয়েট ও লাইট ওয়েল্টারওয়েট বিভাগে একাধিক বিশ্ব শিরোপা জিতেছেন। ১৯৯৭ সালে পেশাদার রিংয়ে প্রবেশ করে ৪৮ লড়াইয়ের মধ্যে ৪৫টিতেই জয় পান। ২০০৫ সালে কস্টিয়া ত্সিউ ও ২০০৭ সালে হোসে লুইস কাস্তিয়োকে হারিয়ে তিনি বিশ্বব্যাপী খ্যাতি পান। তবে ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াওয়ের কাছে হারের পর ২০১২ সালে অবসর নেন।

অবসর-পরবর্তী জীবনে তিনি খোলামেলাভাবে নিজের হতাশা ও মদ্যপানের সমস্যার কথা জানিয়েছেন। ডিসেম্বর মাসে দুবাইয়ে একটি প্রদর্শনী ম্যাচে ফের রিংয়ে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। মৃত্যুর কয়েকদিন আগেও হ্যাটন নিজেকে জিমে প্রস্তুতির ভিডিও পোস্ট করেছিলেন।

তার মৃত্যুতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান শোক জানিয়ে বলেছেন, হ্যাটন শুধু একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন বন্ধু ও পথপ্রদর্শক। টাইসন ফিউরিও সামাজিক মাধ্যমে লিখেছেন, “একমাত্র রিকি হ্যাটন, তাকে ভুলে থাকা অসম্ভব।”

ম্যানচেস্টার সিটির সমর্থক হ্যাটন তার ক্যারিয়ারে আকাশি-নীল শর্টস পরে ও “ব্লু মুন” সঙ্গীতে রিংয়ে প্রবেশ করতেন। ক্লাবটি এক বিবৃতিতে তাকে “ব্রিটিশ বক্সিংয়ের আইকন” বলে উল্লেখ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডও সমবেদনা জানিয়ে বলেছে, “আমাদের শহরের এক কিংবদন্তিকে হারালাম।”

হ্যাটনের মৃত্যুর পরপরই তার বাড়ির সামনে ভক্তরা ফুল ও সমবেদনা বার্তা রেখে গেছেন। স্থানীয় সমর্থক স্টিফেন বিলিং বলেছেন, “তিনি ছিলেন শক্ত, তবে আন্তরিক ও সহজ-সরল একজন মানুষ। টাকা-পয়সা বা খ্যাতি তার মধ্যে বিন্দুমাত্র অহংকার আনেনি।”