সাইফ হাসান: লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে ফিলিস্তিন অ্যাকশন নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এতে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে স্লোগান দেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি ভয়াবহ অবস্থা।
শনিবার দুপুরে বিগ বেনের ঘণ্টা বাজতেই বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। অনেকেই কাগজে লিখে বার্তা প্রকাশ করেন—ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করা কোনো অপরাধ নয়। আয়োজকরা জানান, প্রায় দেড় হাজার মানুষ এই কর্মসূচিতে যোগ দেন।
মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মামলা হবে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন, পুলিশের ওপর হামলা ও কর্মকর্তাদের কাজে বাধা সৃষ্টি করা। পুলিশ জানায়, কর্মকর্তাদের ওপর ঘুষি, লাথি, থুতু ও বস্তু নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে সংগঠক ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ অভিযোগ করেছে, পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের, এমনকি প্রবীণদেরও, জোর করে মাটিতে ফেলে গ্রেপ্তার করেছে। ৭৯ বছর বয়সী মার্গারেট বলেন, এই আইন অযৌক্তিক, আমাদের পরিবর্তন আনতেই হবে। পরিবেশ আন্দোলনকারী স্যার জনাথন পোরিট জানান, গাজায় যা ঘটছে তা গণহত্যা এবং ব্রিটিশ সরকারের ভূমিকা লজ্জাজনক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, শুধুমাত্র শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড ধরার কারণে মানুষকে গ্রেপ্তার করা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। এদিকে এডিনবরাতেও ছোট একটি বিক্ষোভ থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে স্কটিশ পুলিশ। গত মাসে একই ধরনের বিক্ষোভে ৫০০’র বেশি মানুষ গ্রেপ্তার হয়েছিল, যাদের অধিকাংশই প্রবীণ।















