যৌথ বাহিনীর অভিযানে সাত দিনে গ্রেফতার ৩২৮

135

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে নানা অপরাধে ৩২৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালু উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৬টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলেও জানিয়েছে আইএসপিআর। পরে তাদের সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।