আন্তর্জাতিক ডেস্ক: এবার সিরিয়ার রাজধানী দামেস্কের প্রেসিডেন্টের প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় সেখানে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী। এরপরই এ হামলা চালালো নেতানিয়াহুর বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স ২৪।
এতে বলা হয়, দ্রুজ হলো সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরাইলে এই ধর্মীয় গোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। সিরিয়ায় সম্প্রতি সাম্প্রদায়িক সংঘর্ষে ১০২ জন নিহত হয়েছেন। একে গণহত্যা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন দ্রুজ সম্প্রদায়ের আধ্যাতিক নেতা শেখ হিকমত আল-হিজরি। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিয়াতে শান্তি বজায় রাখতে এবং এই অপরাধের ধারাবাহিকতা রোধে আন্তর্জাতিক শক্তির তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।
দেশে এমন সহিংসতা সিরিয়ার বিদ্রোহী সরকারকে গুরুতর চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যারা গত ডিসেম্বরে স্বৈরাচারী নেতা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশের ক্ষমতা গ্রহণ করেছে। বাশার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়ার শত শত সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। শুক্রবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে যে, তারা দামেস্কে প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের এলাকায় হামলায় চালিয়েছে।















