কবীর আহমেদ ভূঁইয়া: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস হিসেবে বিশেষভাবে পরিচিত। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক এই দিনটি কেবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায় নয় বরং বর্তমান বাস্তবতায়ও এর তাৎপর্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
বাংলাদেশে শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোডম্যাপে শ্রমিক-কেন্দ্রিক রাষ্ট্র সংস্কার-বিশেষ গুরুত্ব পেয়েছে।
জনাব তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন—দেশের অর্থনীতি টিকে আছে শ্রমিকদের ঘামে, অথচ তারাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার। বিশেষ করে নারী শ্রমিকরা রয়ে গেছেন বঞ্চনার প্রান্তে, যদিও দেশের শ্রমশক্তির অর্ধেকই তারা। বিএনপি এ বৈষম্য দূর করতে নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এই প্রতিশ্রুতি এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত করে। যেখানে শ্রমিক শুধুই উৎপাদনের হাতিয়ার নয়, রাষ্ট্রের পূর্ণ নাগরিক হিসেবে স্বীকৃত হবেন।
জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে অন্যতম ৭টি দফায় দেশের আপামর শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে। এর ১৭ নং দফায় বলা হয়েছে, ‘মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবি মানুষের ন্যায্য মজুরী নিশ্চিত করা হবে।’ কেননা নায্য মজুরির প্রশ্নে বাংলাদেশের শ্রমিক শ্রেণী সবচেয়ে বঞ্চিত। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির শ্রমিকদের এই অধিকারটি প্রতিষ্ঠার উপর উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এছাড়া ১৪ নং দফায় বলা হয়েছে, দেশের সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। যার বাস্তবায়নে বাংলাদেশের ৮ কোটি শ্রমিক ও তাদের পরিবার সুশাসন ভোগ করবে।১
৫ নং দফায় বলা হয়েছে, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। কল্যানমুখী অর্থনৈতিক সংস্কার কমিশনের অন্যতম কাজ হল দেশের অর্থনৈতিক স্বার্থ সমৃদ্ধ করে শ্রমিকের কল্যাণ সাধন।
২৩ নং দফায় কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তনের উপর বিশেষ জোর দেয়া হয়েছে। এর মাধ্যমে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে শ্রম অধিকার রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দেশের শ্রমিকদের অর্ধেকই নারী। তাদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে ২৪ নং দফায়। সেখানে বলা হয়েছে, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বিষয়টির উপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফলতার সাথে কাজ করে গেছেন। বিএনপির এই সাফল্যের উপর বিশ্বস্বীকৃতিও মিলেছে।
শ্রমিকরা আর্থিক অস্বচ্ছলতার কারনে নিজের ও তাদের পরিবারের সুস্বাস্থ্য ও সুচিকিৎসার অভাব বোধ করেন। বিএনপির ২৬ নং দফায় “সবার জন্য স্বাস্থ্য” এবং “সার্বজনীন চিকিৎসা” ব্যবস্থা কার্যকর করার অঙ্গীকার করা হয়েছে। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করবে বিএনপি।
কৃষি শ্রমিকদের উৎপাদন ও তাদের উৎপাদিত পণ্যের বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে ২৭ নং দফায়।
এভাবে শ্রমিক শ্রেণীর উন্নত অধিকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিএনপি রাষ্ট্র কাঠামো বিনির্মাল পরিকল্পনায়।
শ্রমজীবীদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে তার রোডম্যাপে বলেছেন শ্রমিকদের অবহেলা করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়া সম্ভব নয়। দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনার কেউ নেই। অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবীদের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি বদ্ধপরিকর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রমিকদের বর্তমান অবস্থা তুলে ধরে বলেছেন, নির্বাচিত সরকার না থাকলে জনগণের দুঃখ কেউ শোনে না। কৃষক-শ্রমিকদের পক্ষে কোন কথা নেই, অথচ সংস্কার নিয়ে শোরগোল চলছে। বিএনপি কখনও পালায়নি, কারণ বিএনপি শ্রমজীবীদের পক্ষে সবসময় ছিল ও আছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই বিএনপি শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণসহ সবকিছু করেছিল। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ক্ষমতায় এলে “শ্রম সংস্কার কমিশনের” সুপারিশ বাস্তবায়ন করবে। আহত শ্রমিকদের সুচিকিৎসা, শহীদ শ্রমিক পরিবারের সহায়তা এবং শ্রমিকদের জন্য একটি ন্যায্য ও নিরাপদ পরিবেশ গড়াই হবে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির অঙ্গীকার, শুধু প্রতীকী দিবস নয়, শ্রমিকদের অধিকার রক্ষায় দরকার বাস্তব পদক্ষেপ। মে দিবস হোক শুধু প্রতিবাদের নয়, অধিকার প্রতিষ্ঠার দিন।
শ্রমিক অধিকার রক্ষায় শ্রমিক দলের প্রতিষ্ঠা:
১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে ১মে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছিল। তখন ব্রিটিশ পরাধীনতার শাসন, এরপর একচোখা পাকিস্তানিদের নিপীড়নমূলক শাসন ব্যবস্থার কারনে মে দিবসের সুফল বাংলাদেশে শ্রমজীবী মানুষ পায়নি। ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন প্রতিষ্ঠিত হয়। আওয়ামী দলীয় মাফিয়া চক্রের হাতে বাংলাদেশের সকল শিল্পকারখানা ও শ্রমিকরা জিম্মি হয়ে পড়েন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি সফল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে একটি সময়োপযোগী শ্রমনীতি প্রণয়ন করেন। জিম্মিদশা থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান ও শ্রমিকদের মুক্ত করেন। তিনি শ্রমিকদের সময়ের যথাযথ মূল্যায়ন, বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবাযন ও তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ যত্নবান ছিলেন।
শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।এ টি বাংলাদেশের একটি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনও। যা আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন কর্তৃক অনুমোদিত।
১৬ বছরের আওয়ামী দু:শাসনে ‘শ্রমিক’ ছিল এক রাজনৈতিক অস্ত্র: গত ১৬ বছরে আওয়ামী লীগ শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। পরিবহন, গার্মেন্টসসহ শিল্পখাতগুলোতে চাঁদাবাজি ও দলীয়করণ শ্রমিকদের ন্যায্য অধিকারকে করেছে উপেক্ষিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজারদরে (প্রতি ডলারের দাম ১২০ টাকা) এর পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতিবছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘববোয়াল (ক্রীড়নক), আমলা ও মধ্যস্বত্বভোগীরা এইসব পরিমাণ অর্থ পাচার করেছেন।
এই লুটপাটের সময়ে দেশের অর্থনীতিকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন দেশীয় ও প্রবাসী শ্রমিকরা।
একজন নারী শ্রমিকের গল্প: যে শ্রম রক্ত ঝরায় অশ্রুও ঝরায় : শ্রমজীবী মানুষের ঘামে গড়ে ওঠে দেশের প্রতিটি ইট, প্রতিটি কাঠামো। মে দিবসে যখন ফুলের তোড়া আর প্রতীকী শোভাযাত্রা হয় সংবাদ শিরোনাম, তখন আশুলিয়ার এক ছোট ঘরে রক্তাক্ত এক শ্রমজীবী নারী শুয়ে আছেন বিনা চিকিৎসায়—চোখে অশ্রু, মনে প্রশ্ন: “এই দেশ কি আমাদের নয়?”
গার্মেন্টস শ্রমিক রাবেয়া খাতুন। বয়স ৩২, থাকেন ঢাকার আশুলিয়ার একটি বস্তিতে। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে প্রস্তুত হন কারখানায় যাওয়ার জন্য। কাজ শুরু সকাল ৮টায়, শেষ হয় কখনো রাত ৯টা বা তারও পরে। কারখানায় কাজের পরিবেশ নিয়ে রাবেয়া বলেন, “সামান্য একটা ভুল হলে সুপারভাইজার গালাগালি দেয়, কখনো বেতন কেটে নেয়। কাজের চাপ এত বেশি যে টয়লেটেও ঠিকমতো সারতে পারি না।”
রাবেয়া মাসে ১২-১৪ হাজার টাকা আয় করেন, যা দিয়ে তার তিন সদস্যের পরিবার চালানো দুষ্কর হয়ে পড়ে। ছেলেমেয়ের স্কুলের বেতন, থাকার বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম—সবই বেড়েছে, কিন্তু তার বেতন বাড়েনি। অধিক রাতে ডিউটি পড়লে নিরাপত্তায শঙ্কায় থাকেন তিনি নিজেও তার পরিবার।
গত ঈদে যখন তার বেতন বোনাসের টাকা পরিবারের সবচেয়ে বেশি দরকার ছিল, ঈদের আগে একদিন সকালে এসে দেখে তার কারখানায় তালা ঝুলানো। কারখানার মেইন গেটে বন্ধের নোটিশ সেটে দেয়া আছে। অফিসের ঊর্ধ্বতন কোন লোক সেদিন কারখানায় আসেনি। এ অবস্থায় কি করবে ভেবে না পেয়ে হতাশ রাবেয়া বাড়ি ফিরে না গিয়ে ক্ষুব্ধ অন্যান্য শ্রমিকদের সাথে রাস্তায় আন্দোলনে নেমে যায়। রাস্তা অবরোধ করতে গিযে একসময় পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে রাবেয়া রক্তাক্ত হয়।
ঐদিন সকালে যে নারী শ্রমিকটি দেশের জন্য বৈদেশিক মুদ্রা এনে দেয়ার জন্য নিজের মূল্যবান শ্রমশক্তি সস্তায় বিলেয়ে দিতে গিয়েছিল সে আহত হয়ে এখন পরিবারের বোঝা হয়ে আছে। তার দিশেহারা চোখে এখন শুধু অশ্রুই ঝরে।
রাবেয়ার গল্পটি যেন আজ দেশের লক্ষ লক্ষ শ্রমিকের জীবনের প্রতিচ্ছবি। শুধু গার্মেন্টস খাত নয়, নির্মাণ, কৃষি, পরিবহন, সেবা খাতের শ্রমিকদের জীবনেরও একই চিত্র।
রাবেয়ার মতো লাখো শ্রমিক এখনো যে বাস্তবতার মধ্যে বাস করছেন, তাতে শ্রমিক দিবসের তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করার সময় এসেছে। শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে কেবল বাহ্যিক ফুলেল শুভেচ্ছা নয়—প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ।
ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে শ্রমিকদের অবদান অস্বীকার করলে তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে, গণঅভ্যুত্থান কে অস্বীকার করা হবে। দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ে শিক্ষার্থী জনতার পাশাপাশি সারাদেশে শ্রমিকরাও রাজপথে প্রাণ দিয়েছেন। শহীদ শ্রমিকদের পরিবারকে সহায়তা ও আহত শ্রমিকদের সূচিকিৎসা প্রদান করতে হবে। পাশাপাশি সারা দেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হোক গনঅভ্যুত্থান পরবর্তী চেতনার মূলমন্ত্র।
প্রতিটি মে দিবস আসলেই সকলেই শ্রমিক অধিকার নিয়ে আমরা সরব হই। শ্রমিকের রক্ত ঘামের বিনিময়ে একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মিত হয়। অথচ এই শ্রমিকরা বিগত ১৭ বছরে তাদের ন্যায্য অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত ছিল। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে নতুনভাবে দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে বাংলাদেশের মে দিবসের অঙ্গীকার।
(লেখক: আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। একজন রাজনীতিবিদ ও ব্যবসায়িক ব্যক্তিত্ব। ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী)















