জেল থেকে মুক্তির পরও নির্যাতনের শিকার নারী, কর্নওয়ালে মৃত্যুর রহস্য উন্মোচন!

175

সাইফ হাসান: ব্রিটেনের কর্নওয়ালে একটি হৃদয়বিদারক ঘটনার তদন্তে উঠে এসেছে মর্মান্তিক তথ্য। ১৭ বছর বয়সে একজন হিংস্র পুরুষকে হত্যার দায়ে জীবনভর কারাদণ্ড পাওয়া স্টেসি হাইড (৩২) মুক্তির পরও নির্যাতন ও শোষণের শিকার হয়েছেন। পাঁচ বছর কারাভোগের পর ২০১৫ সালে আপিলের মাধ্যমে মুক্তি পান তিনি। কিন্তু মুক্তির পর মাদক, মদ ও বুলিমিয়ার মতো সমস্যায় জড়িয়ে পড়েন। গত এপ্রিল ২০২৪-এ কর্নওয়ালের মুলিয়ন গ্রামে তার মৃত্যু হয়। তদন্তে জানা গেছে,বুলিমিয়াই তার মৃত্যুর কারণ।

স্টেসির খালা জুলি হাইড তদন্তে বলেন, “স্টেসি মরতে চায়নি, কিন্তু কীভাবে বাঁচতে হয় তা জানত না।” তিনি আরও বলেন, “কারাগার থেকে মুক্তির পর স্টেসি মাদক, মদ, স্ব-ক্ষতি ও পতিতাবৃত্তির দিকে ঝুঁকে পড়ে। তার জীবন ছিল বিপর্যস্ত। তবুও সে ছিল অত্যন্ত মিষ্টি, দয়ালু ও হাসিখুশি একজন মানুষ। আমরা তাকে খুব মিস করি।”

২০০৯ সালে সোমারসেটের ওয়েলস শহরে স্টেসি তার বান্ধবী হলি ব্যানওয়েলকে বাঁচাতে গিয়ে ভিনসেন্ট ফ্রান্সিস (৩৪) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। পুলিশের কাছে স্টেসি কাঁদতে কাঁদতে বলছিলেন, “সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল… আমাকে হলিকে বাঁচাতে হয়েছিল।” ২০১০ সালে ব্রিস্টলে বিচারে জানা যায়, ফ্রান্সিস ও ব্যানওয়েলের মধ্যে ২৭টি গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছিল। তবু স্টেসিকে দোষী সাব্যস্ত করা হয়।

২০১৪ সালে নতুন চিকিৎসা প্রমাণে তার মানসিক সমস্যার কথা প্রকাশ পায়। ২০১৫ সালে উইনচেস্টার ক্রাউন কোর্টে পুনর্বিচারে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। আদালতের বাইরে স্টেসি বলেছিলেন, “আমি ধন্য যে আমার জীবন ফিরে পেয়েছি।”

তদন্তে কর্নওয়ালের সিনিয়র করোনার অ্যান্ড্রু কক্স বলেন, “স্টেসির জীবন ছিল অত্যন্ত কঠি। কারাগার থেকে মুক্তির পর তিনি ভুল পথে পা দেন। মাদক ও মদের অতিরিক্ত ব্যবহার তার জীবনকে আরও জটিল করে।” তিনি আরও বলেন, স্টেসি গ্রিস ভ্রমণের পরিকল্পনা করছিলেন। তার মৃত্যু মাদক বা অতিরিক্ত ওষুধের কারণে হয়নি।

মৃত্যুর আগে স্টেসি ১১ বার হাসপাতালে ভর্তি হন এবং দুইবার হৃদয়াঘাতে আক্রান্ত হন। মৃত্যুর দিন তাকে রয়্যাল কর্নওয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি অচেতন হয়ে পড়েন এবং ৩০ মিনিট পর মারা যান।

জাস্টিস ফর উইমেন নামে একটি প্রচারণা গ্রুপ, যারা স্টেসির আপিলে সহায়তা করেছিল, বলেছে, “কারাগার থেকে মুক্তির পরস্টেসি জীবনের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হন। তবু তিনি নারীদের প্রতি হিংসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার প্রাণবন্ততা ও হাস্যরসের জন্য আমরা তাকে সবসময় মনে রাখব।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian