গলফ কোর্সে গাড়ির ধাক্কায় মৃত্যু—তিনজনের বিরুদ্ধে হত্যা মামলার ঝড়!

109

সাইফ হাসান: যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ারের অ্যাস্টন উড গলফ ক্লাবে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২ বছর বয়সী এক নারী। পুলিশি ধাওয়ার মুখে থাকা একটি ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর, গত ১৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ জানায়, নিহত নারীর নাম সুজান চেরি। এ ঘটনায় তিনজন পুরুষের বিরুদ্ধে ম্যানস্লটারের (অবহেলায় হত্যা) অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন জন ম্যাকডোনাল্ড (৫১), জনি ম্যাকডনাল্ড (২২) এবং ব্রেট ডেলানি (৩৪)। জন ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ যুক্ত হয়েছে—একজন কনস্টেবলের নির্দেশ না মানা এবং কাউকে মারধর করার অভিযোগ।

চেরির স্বামী বলেন, “আমার সামনে যখন ভ্যানটা ওকে ধাক্কা মারল, তখন আমি অসহায়ভাবে সব দেখছিলাম। ওর জীবনের প্রতি ছিল অদ্ভুত রকমের ভালবাসা—যা যারাই ওকে চিনত, সবাই টের পেত।”

তিনি আরও বলেন, “সুজান ছিল নিঃস্বার্থ, অন্যদের উজ্জীবিত করতে সবসময় পাশে থাকত। ওর মৃত্যুতে মা মউরিন, ওর তিন সন্তান, দুই সৎসন্তানসহ অগণিত বন্ধুদের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।”

এই ঘটার তদন্তে পুলিশ ছাড়াও যুক্ত হয়েছে ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কনডাক্ট (IOPC)। আগে গ্রেপ্তার হওয়া আরও তিনজন ব্যক্তিকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।

স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ জানায়, অভিযুক্ত তিনজনের বিচারকার্য শুরু হয়েছে সোমবার, নর্থ স্ট্যাফোর্ডশায়ার জাস্টিস সেন্টারে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian.