ফরাসি উদ্যোগের পর যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জোরালো!

92

সাইফ হাসান: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপ বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করায় এই দাবি নতুন মাত্রা পেয়েছে। লেবার পার্টির এমপিরা এই বিষয়ে সরব হয়েছেন।

লেবার এমপি এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ার এমিলি থর্নবেরি বলেন, “এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময়। আমাদের ফ্রানসের সঙ্গে একযোগে এগোতে হবে। অনেক দেশ এই পদক্ষেপের অপেক্ষায় আছে।” তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো দ্রুত পদক্ষেপ না নিলে ফিলিস্তিন বলে কিছু বাকি থাকবে না।

কাউন্সিল অন আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং-এর চেয়ার ক্রিস ডয়েল এই প্রস্তাব সমর্থন করে বলেন, “এটি অনেক আগেই করা উচিত ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্যের এমন পদক্ষেপ শক্তিশালী বার্তা দেবে।” তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল পশ্চিম তীরের দখল আরও জোরদার করছে, তাই দ্রুত পদক্ষেপ জরুরি।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “আমাদের অশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দিকে এগোতে হবে। আগামী কয়েক মাসে আমরা এটি করব।” তিনি সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার কথাও বলেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের অপরিবর্তনীয় পথ না থাকলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

লেবার এমপিদের মধ্যে গাজায় ইসরায়েলের আচরণ নিয়ে ক্ষোভ রয়েছে। গত সপ্তাহে দুই লেবার এমপিকে পশ্চিম তীর পরিদর্শনে ইসরায়েলের নিষেধাজ্ঞার ঘটনাও এই ক্ষোভ বাড়িয়েছে। অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেন, “একতরফাভাবে ফিলিস্িন রাষ্ট্রের স্বীকৃতি সন্ত্রাসকে পুরস্কৃত করবে।”

ম্যাক্রোঁ গত সপ্তাহে এক্স প্ল্যাটফর্মে হিব্রু ভাষায় লিখেন, “আমি শান্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং হামাস ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। জুনের সম্মেলন অবশ্যই সিদ্ধান্তমূলক হবে।”

এদিকে, গত সপ্তাহে মার্কিন সিনেট মাইক হাকাবি নামে একজন সাবেক গভর্নরকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিশ্চিত করে। হাকাবি পশ্চিম তীরকে ইহুদি বাইবেলের নাম জুডিয়া ও সামারিয়া বলে উল্লেখ করেন, যা যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এই প্রতিবেদনের সূত্র: The guardian