ল্যাপটপে কাজের ভান, নারী গোয়েন্দার বিরুদ্ধে তদন্ত

44

ওয়ানবাংলানিউজ:ইংল্যান্ডের অ্যাভন ও সামারসেট পুলিশের গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বাড়ি থেকে কাজ করার সময় ল্যাপটপের বোতাম চেপে রেখে কর্মরত থাকার মিথ্যা প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন। অভিযুক্ত ওই গোয়েন্দার নাম ডিসি ফিলিপা বাসকউইল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ এপ্রিল বৃহস্পতিবার একটি ‘অ্যাক্সেলারেটেড মিসকন্ডাক্ট’ শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে ডিসি বাসকউইলের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ পর্যালোচনা করা হবে।

অভিযোগে বা হয়েছে, “বাড়ি থেকে কাজ করার সময় ডিসি ফিলিপা বাসকউইল দীর্ঘ সময় ধরে ল্যাপটপের কিছু বোতামে ওজন দিয়ে চাপ দিয়ে রাখেন যেন মনে হয় তিনি কাজ করছেন।”

তদন্তে আরও উঠে এসেছে, “বাসকউইল বারবার অফিসের সময়ের বড় অংশ ব্যয় করেছেন অপেশাদার এবং পুলিশের দায়িত্বের বাইরে থাকা কাজে অনলাইনে যুক্ত থেকে।”

পুলিশ কর্তৃপক্ষ বলছে, যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সেটি গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হবে।

এই শুনানি হবে অনলাইনে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যদিও পুলিশের প্রধান কনস্টেবল সারাহ ক্রু চাইলে কিছু অংশে নিষেধাজ্ঞা আরোপ করতে পরেন।

প্রসঙ্গত, এর আগেও গত বছর জুলাইয়ে লেস্টারশায়ারে এক পুলিশ কর্মকর্তা একই ধরনের প্রতারণার দায়ে অভিযুক্ত হন। সেই কর্মকর্তা ঘুমিয়ে পড়ার সময় নিজের ঘড়ি দিয়ে ল্যাপটপের ‘আপ’ কী চাপা দিয়ে রাখতেন, যাতে তিনি কর্মরত দেখান। পরে তাকে দোষী সাব্যস্ত করে জানানো হয়, চাকরিতে থাকলে তার বরখাস্ত নিশ্চিত ছিল।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ