ঢাকা সংবাদদাতা: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকে সারা দেশে আধাবেলা হরতাল শেষ হয়েছে। রাজধানীতে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা ১১টার পর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করে হরতাল সমর্থনকারীরা। এরপরই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা ওই হরতালের ডাক দেয়।
গতকাল বুধবার বিএনপিও ওই হরতালের সমর্থন দেয়। এ ছাড়া ওই হরতালে সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।
হরতালের সমর্থনে বৃহস্পতিবার ভোর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্র জোট। তবে সকাল থেকেই পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন জোটের সমন্বয়ক নাসিরউদ্দিন প্রিন্স।
বেলা ১১টার পর প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে সড়কের ওপরেই অবস্থান নেন। পরে সেখানেই সমাবেশ শুরু করেন। এ সময় নেতাকর্মীরা বিদ্যুতের দাম কমানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। এক ঘণ্টা বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আবার যান চলাচল শুরু হয়।
এ সময় ফার্মগেট থেকে মতিঝিল, নিউমার্কেটমুখী বাসগুলোর চলাচল বন্ধ হয়ে যায়।















