দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

728

ঢাকা সংবাদদাতা: দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সীমান্তের ৩১৩ সিএস পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মোজাফফর হোসেন (৩২)। তিনি উপজেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার ভোর রাতে সাত থেকে আটজনের একটি চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ভারতীয় ৪১ বিএসএফের টহল দল তাদেরকে সতর্ক করে। কিন্তু চোরাকারবারীরা সতর্ক উপেক্ষা করে ভারতে ঢুকার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।

নিহতের মরদেহ সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি বিএসএফকে জানানোর পর পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।