রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে, এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম

85

ঢাকা সংবাদদাতা: অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী ২৫০ বছরের জন্য শক্তিশালী হয়- এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে। সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।

এক-এগারোর সময়কে মনে করিয়ে শফিকুল আলম বলেন, মঈন-ফখরুদ্দিনের ওপর মানুষের যে রাগ, সেটির কারণ হচ্ছে তারা সেই সময়ের প্রেক্ষাপটে কোনো সংস্কার না করেই দ্রুত দায়সারা একটি সমাধান হাজির করেছিলো। এরপর নিজেরাও প্রস্থান করেছিলো।

তিনি আরও বলেন, ১৯৭৬ থেকে ‘৮০ পর্যন্ত যে ধরণের সংস্কার হয়েছিলো, আমরাও সেই ধরণের কিছু সংস্কার করতে চাই। এতে আগামী দুই থেকে আড়াইশো বছর বাংলাদেশের রাজনৈতিক স্থিস্তিশীলতা টিকে থাকবে।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ। তিনি বলেন, সব সংস্কারের বিষয়ে সকলের ঐক্যমত হবার কারণ নেই। যে বিষয়গুলোতে বিভেদ থাকবে তা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সমাধান করা উচিত। দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে ৪২টি দলের সাথে আলোচনা করেই বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। গণতান্ত্রিক কাঠামোর বাইরে কোনো সংস্কারই টিকবে না বলেও জানান তিনি।

চিত্র সাংবাদিক শহিদুল আলম বলেন, ভালো প্রস্তাব দেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কথার ওপর কোনো ট্যাক্স নেই, বলতেই পারি। কিন্তু প্রয়োগের ক্ষেত্রেই হয় সমস্যা।

এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ্জ বলেন, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ গত ১৫ বছরে ফ্যাসিজম তৈরিতে বিশাল একটি শক্তিরূপে কাজ করেছে।

উল্লেখ্য, সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন প্রস্তাব দেয়া হয় সেমিনার থেকে। ক্ষমতায় এসে আর কেউ যাতে ফ্যাসিস্ট রূপ নিতে না পারে সে বিষয়ে সর্তক থাকার আহ্বানও জানানো হয় সেখানে।