ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদি-নেতানিয়াহু

264

আন্তর্জাতিক ডেস্ক: আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ডনাল্ড ট্রাম্প। তিনি এবার ভূমিধস জয় পেয়েছেন। এতে বেশ খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাইতো ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে কালক্ষেপণ করলেন না তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে এক্সের এক পোস্টে মোদি লিখেছেন, ‘হে বন্ধু ডনাল্ড ট্রাম্প, আপনার ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে হৃদয় নিংরানো শুভেচ্ছ।’ এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানিয়ে মোদি বলেছেন, আপনার (ট্রাম্পের) আগের মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে পুনরায় আরও শক্তিশালী করার জন্য জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’

ওদিকে টাইমস অব ইসরাইলের এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের জয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা। ইংরেজিতে লেখা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘ইতিহাসে মহান হয়ে ফিরে আসার জন্য শুভেচ্ছা। নেতানিয়াহু আরও বলেন, ‘হোয়াইট হাউসে আপনার (ট্রাম্পের) ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা যার মাধ্যমে ইসরাইল ও আমেরিকার মধ্যে প্রতিশ্রুতিশীল ঐক্য বজায় থাকবে। এটি একটি বিশাল বিজয়!’ বিবৃতিতে স্বাক্ষরের উপরে নেতানিয়াহু লেখেন, সত্যিকারের বন্ধুত্বের জন্য।