ব্রিটেনে ভুয়া চাকুরীর বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত হচ্ছেন অনেকে

151

ভালো অংকের বেতন, চাকুরীর নানা সুযোগ-সুবিধা, ঘরে বসে কাজ করার সুবিধা- এমন নানা ধরনের চটকদার তথ্য দিয়ে চাকুরীর বিজ্ঞাপন দেয়া হচ্ছে ব্রিটেনের বিভিন্ন চাকুরীর ওয়েবসাইটে, কিন্তু আসলে এমন কোনো চাকুরী নেই; এসব ভুয়া বিজ্ঞাপন। অস্তিত্বহীন চাকুরীর বিজ্ঞাপনে ইদানীং অনেকে প্রতারিত হচ্ছেন। অত্যন্ত নিপুণভাবে করা চাকুরীর বিজ্ঞাপনগুলোতে অপরাধীরা চাকুরীপ্রার্থীদের সাথে এমনভাবে যোগাযোগ করে, যেখানে মনে হয় তাঁরা প্রকৃত চাকুরিদাতা।

চাকুরীর ওয়েবসাইট ইনডীডে যখন ডেভিড নামে একজন প্রতারক চাকুরীর বিজ্ঞাপন দেন তখন তিনি তাঁর পরিচয় হিসেবে ব্যবহার করেন টু-আই রিক্রুটমেন্ট নামের একটি চাকুরিদাতা প্রতিষ্ঠানের কর্মী হিসেবে। এরপর ইংল্যান্ডের সারি এলাকার গডলমিঙ শহরে অবস্থিত এই নামের আসল কোম্পানিতে ক্ষুব্ধ চাকুরী প্রার্থীরা বিপুল সংখ্যায় ফোন করতে থাকেন।

যারা ভুয়া চাকুরীর বিজ্ঞাপন দিচ্ছেন তাদের উদ্দেশ্য অর্থ উপার্জন করা। কখনও ব্রিটেনের ভেতরে কখনও বিদেশে বসে এসব প্রতারক অর্থ উপার্জন করে থাকে চাকুরীপ্রার্থীদের তথ্য সংগ্রহ করে সেসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির মাধ্যমে। চাকুরী দেয়ার শর্ত হিসেবে নিয়গদাতারা প্রচুর ব্যক্তিগত তথ্য চায়। এসব তথ্য ব্যবহার করে প্রতারকেরা ওই ব্যাক্তির নামে ঋণ গ্রহণ করে থাকে। আবার চাকুরিপ্রার্থীর কাছ থেকে কৌশলে অর্থ বাগিয়ে নিতে পারে প্রতারকেরা। সারি এলাকার বাসিন্দা জুলে এক ভুয়া নিয়োগদাতার প্রতারণার শিকার হন। চাকুরী হিসেবে তাঁর কাজ ছিল খুব সাধারণ। অনলাইনে কিছু অ্যাপের জনপ্রিয়তা বাড়ানোর কাজ করেন তিনি। কিন্তু পেমেন্ট পদ্ধতি ছিল জটিল। অর্থ উপার্জন করতে তাকে ডিপোজিট দিতে বলা হয়। সাত হাজার পাউন্ড হারিয়েছেন জুলে।

কয়েক মাস আগে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদক দলের একজন সদস্যের সাথে যোগাযোগ করে এক প্রতারক। চেশায়ার অঞ্চলের নোলান রিক্রুটমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেয় প্রতারক।নোলান রিক্রুটমেন্ট জানিয়েছে, গত দেড় বছর ধরে প্রতারকেরা তাদের কোম্পানির নাম ব্যবহার করে ভুয়া নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে।

চাকুরী বিষয়ক ওয়েবসাইট ইনডীড জানিয়েছে, তাঁরা প্রতি মাসে প্রায় অর্ধ শত মিলিয়ন চাকুরীর বিজ্ঞাপন মুছে দেয় যেগুলো তাদের নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা হয়না।