ওয়ানবাংলানিউজ: ডিসেম্বর মাস হচ্ছে পেন্টোমাইম এর মৌসুম। ব্রিটিশ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ক্রিসমাস এর মৌসুমে পুরো পরিবার নিয়ে পেন্টোমাইম উপভোগ করা। এই ক্রিসমাস পেন্টোতে নতুনত্ব যোগ করেছে গ্রেইট ব্রিটিশ মুসলিম পেন্টো। দক্ষিণ এশিয় সংস্কৃতির মিশেলে মঞ্চায়িত এই পেন্টো দেখতে আসছেন সম্পূর্ণ নতুন এক দর্শক শ্রেণী।
ডিজনি ক্লাসিক বিউটি এন্ড দি বিস্ট এর আদলে লিখিত ‘বিউটি এন্ড দ্য বালাহ’ শিরোনামের এই পেন্টো প্রদর্শিত হচ্ছে ব্রিটেনের বিভিন্ন শহরে। মিডল্যান্ডসের ডার্বি এলাকায় মঞ্চায়িত হওয়ার আগে রিহারসেলের দৃশ্য এটি।
বিবিসি সীটকম ‘সিটিজেন খান’ এ অভিনয় করে খ্যাতি অর্জন করা আব্দুল্লাহ আফজাল ‘বিউটি এন্ড দ্য বালাহ’ এর স্ক্রিপ্ট লিখেছেন, পরিচালনা করছেন এবং নির্মাতাও তিনি। মুসলিম দর্শকদের কাছে পেন্টোকে জনপ্রিয় করতে কাজ করছেন আব্দুল্লাহ।
তবে মুসলিমদের পেন্টোতে আসা নিয়ে বিতর্ক এবং সমালোচনা আছে। সমালোচকেরা বলছেন, পেন্টোকে অন্য সংস্কৃতির সাথে মিশিয়ে এর স্বকীয়তা পরিবর্তন করা ঠিক হবেনা।
চ্যারিটি সংস্থা পেনি এপিলের জন্য তহবিল সংগ্রহের লক্ষে ব্রিটেনের বিভিন্ন শহরে পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে ‘বিউটি এন্ড দ্য বালাহ’ এর মঞ্চায়ন।















