ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ব্যাংকের শাখা অফিস। ২০১৫ সাল থেকে ইয়র্কসায়ার অঞ্চলে বিভিন্ন ব্যাংকের ৪৬৫টি শাখা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে ২৬৩টি ব্যাঙ্ক খোলা আছে এবং গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। ব্যাংকের শাখা বন্ধ হওয়ার কারণে ব্রিটেনে এমনও অনেক এমপি’র সংসদীয় এলাকা আছে, যেখানে কোনো ব্যাংকের কোনো শাখাই নেই। এমনি একটি নির্বাচনী এলাকা ‘শেফিল্ড হেলাম’।
কেবল শেফিল্ড হেলাম নয়, ইয়র্কশায়ার অঞ্চলের আরও ৬ এমপির নির্বাচনী এলাকায় কোনো ব্যাঙ্ক নেই। আর তিন এমপির নির্বাচনী এলাকায় মাত্র একটি করে ব্যাঙ্ক আছে। অন্যান্য এলাকায় একই ভবনে একই ছাদের নীচে কয়েকটি ব্যাংকের সেবা দেয়া হচ্ছে। নতু এই ধারনাকে বলা হচ্ছে ব্যাংকিং হাব, যেখানে গেলে একই ছাদের নীচে অনেক ব্যাংকের সেবা পাওয়া যায়। এসব ব্যাংকিং হাবও এলাকাবাসীর আন্দোলনের ফলে প্রতিষ্ঠিত হয়েছে।
ব্যাংকের শাখা বন্ধ হয়ে যাওয়ার এই বাস্তবতা সম্পর্কে ব্রিটেনের বড় দুই রাজনৈতিক দল অবহিত। লেবার দল বলছে, তাঁরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে ব্যাংকিং হাবের সংখ্যা বৃদ্ধি করবে।
তবে লেবার দলের এই প্রতিশ্রুতির জবাবে ক্ষমতাসীন টোরি দল বলছে, এসব ব্যাংকিং হাব প্রতিষ্ঠা করতে বরাদ্দ কোথা থেকে আসবে, লেবার দল তা স্পষ্ট করেনি। সরকার আরও জানিয়েছে, ৯০টি এলাকার ১২ হাজার পোস্ট অফিসে ব্যাংকিং হাব খোলার লক্ষ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে বর্তমান সরকার।















