গাজার একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত পাঁচশো মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন এই ঘটনা কীভাবে হল তা তাদের জানা নেই, তারা খোঁজ নিচ্ছেন।
এ খবর দিয়েছে বিবিসি। বিবিসি সংবাদদাতারা এই খবরগুলি পৃথকভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন।
প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে যে, গাজা ভূখন্ডের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাপটিস্ট হসপিটালে এই বিমান হামলা হয়েছে।
এর আগে জানা যায় যে গাজা ভূখন্ডের একটি বিদ্যালয়ের ওপরেও বিমান হামলা হয়।
জাতিসংঘ বলেছে ওই হামলায় অন্তত ছয়জন মারা গেছেন যারা ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। ওই বিমান হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। এক বিবৃতি জারি করে সংস্থাটি বলেছে “ভয়াবহ.. আর এটা প্রমাণ করছে যে বেসামরিক নাগরিকদের প্রাণের কোনও দামই নেই!”
ওই স্কুলটিতে প্রায় চার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিলেন, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।















