ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে পর্যায়ক্রমে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে এক পর্যায়ে ধূমপান নিষিদ্ধ করতে চান বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এজন্য একটি পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধূমপানের আইনগত বয়স প্রতি বছর এক বছর করে বাড়ানো হবে। অর্থাৎ নতুন আইন কার্যকর হওয়ার পরের বছর ধূমপানের বয়স ১৮ থেকে ১৯ হবে, পরের বছর হবে ২০; এভাবে বাড়তে থাকবে। এর ফলে দেখা যাবে, যার বয়স এখন ১৪, সে কখন আইনগতভাবে ধূমপান করতে পারবেনা। সরকারের নতুন এই পরিকল্পনা নিয়ে ব্রিটিশ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং মিশ্র দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে।
ব্রিটেনে পাবলিক প্লেইসে ধূমপান নিষিদ্ধ করা সহ নানা রকম নীতি বাস্তবায়নের ফলে ধূমপানের হার অনেক কমেছে। ১৯৮০ সালে যেখানে ৪০শতাংশ মানুষ ধূমপান করতো, এখন ধূমপান করে ৩০ শতাংশের কম মানুষ। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান এখনও গুরুতর সমস্যা হয়েই বিদ্যমান আছে। ব্রিটেনে বর্তমানে ক্যান্সারে মারা যাওয়া প্রতি ৪ জনের একজনের মৃত্যু হয় তামাকজাত পণ্য ব্যবহারের কারণে। ধূমপানের কারণে ইংল্যান্ডের এনএইচএস ও সোশ্যাল কেয়ারের বার্ষিক ব্যয় হয় ৩ বিলিয়ন পাউন্ড। তবে সিগারেটের ওপর ট্যাক্স আরোপ করে সরকারের কিছু রাজস্ব আয় হয়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের বয়স প্রতি বছর এক বছর করে বাড়িয়ে ধূমপানের হার কমিয়ে আনা সম্ভব হবেনা।
তামাকজাত পণ্য সেবন থেকে দূরে রাখতে ধূমপায়ীদের ইলেক্ট্রনিক সিগারেট গ্রহণে উৎসাহিত করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ১৮ বছরের কম বয়সের শিশুদের ভেইপিং নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকার এখন একবার ব্যবহার করে ফেলা দেয়া ভেইপ এবং নানা স্বাদ ও গন্ধের ভেইপ সীমিত করা নিয়ে জনগণের মতামত নেবে। শিক্ষক এবং অভিভাবকেরা বলছেন, জরুরি ভিত্তিতে ভেইপ এর ব্যবহার নিয়ে পদক্ষেপ গ্রহণ জরুরী।















