সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই

দাফন কাল

1026

ঢাকা সংবাদদাতা: সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই রোববার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। অষ্টম সংসদের তিনি ডেপুটি স্পিকার ছিলেন।

সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ আগামীকাল (সোমবার) তার নিজ জেলা নওগাঁয় দাফন করা হবে।

তার বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জানান, রোববার আসরের নামাজের পর নয়া পল্টনে জানাজা হবে। আগামীকাল (সোমবার) সকাল ১০টায় সংসদ প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর তার নির্বাচনী এলাকায় নিয়ে জানাজা শেষে দাফন করা হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আখতার হামিদ সিদ্দিকী ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
আখতার হামিদ সিদ্দিকী স্ত্রী নাজনীন সিদ্দিকী, দুই ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী, মেজবাহ আরেফিন সিদ্দিকী এবং মেয়ে ফারিয়া আজীম সিদ্দিকীকে রেখে গেছে।
আখতার হামিদ সিদ্দিকী ১৯৪৭ সালে নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে রাজনীতিতে প্রবেশ করেন।
১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে চার বার নওগাঁ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।