ট্যাক্সি ড্রাইভারের বেশ ধারণ করে অল্প বয়সের মেয়েদের ধর্ষণের চেষ্টা

307

ওয়ানবাংলানিউজ: সমুদ্র উপকূলের এলাকা ব্রাইটনে ট্যাক্সি ড্রাইভারের বেশ ধারণ করে অল্প বয়সের মেয়েদের যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অপরাধে ১৮ বছরের কারাদণ্ড হয়েছে সাসেক্সের এক ব্যাক্তির। ৬৬ বছর বয়স্ক গ্রেয়াম হেডকে কারাদণ্ড দিয়ে হোভ ক্রাউন কোর্টের বিচারক বলেছেন, গ্রেয়াম হেড একজন যৌন শিকারী। সে নারীদের জন্য ঝুঁকি ও বিপদজনক।

সেন্ট্রাল ব্রাইটনে গ্রেয়ামের গাড়ির পেছনে ধাওয়া করে পুলিস তাকে গ্রেফতার করে। যৌন লাঞ্ছনার অভিযোগ পেয়ে পুলিস তাকে গ্রেফতার করতে যায়। গ্রেয়ামের গাড়ির আংশিক নাম্বার মনে রেখে পুলিশকে ফোন করে ভিকটিম। কয়েক মিনিটের মধ্যেই পুলিস তাকে ধরে ফেলে।

গ্রেয়ামের গাড়ির ভেতর থেকে পুলিস লেটেক্স গ্লাভস, কনডম, ভায়াগ্রা ট্যাবলেট ও মুখ ঢেকে রাখার বালাক্লাভা উদ্ধার করে।


গ্রেয়াম হেডের বিষয়ে পুলিসের তদন্তের প্রশংসা করেন আদালতের বিচারক। তিনি বলেন, তদন্তে পুলিসের অনেক কষ্ট করতে হয়েছে; তাঁরা পুঙ্খানুপুঙ্খ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। ঘণ্টার পর ঘণ্টা অনেকগুলো সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিস। একাধিক রাতে গ্রেয়াম হেডের সিলভার মারসেইডিজের গতিবিধি পর্যালোচনা করেছে পুলিস। গত বছরের অগাস্ট মাসে ধারণ হওয়া একটি ডোর বেলের ফুটেজে দেখা যায়, গ্রেয়াম বেল এক অল্প বয়সের মেয়েকে টেনে হেঁচড়ে ঝপের মধ্যে নিয়ে যাচ্ছিল ধর্ষণের উদ্দেশ্যে। নভেম্বর মাসে আরেকজন ভিকটিম ট্যাক্সি মনে করে গ্রেয়ামের গাড়িতে উঠে যৌন লাঞ্ছনার শিকার হন।

গ্রেয়ামের বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতে বিচার চলাকালে ভিকটিমরা যে সাহস দেখিয়েছেন তার প্রশংসা করেছেন বিচারক। কিন্তু ভিকটিমরা এখন বাইরে যেতে ভয় পাচ্ছে।

গ্রেয়াম হেডের আর কোনো ভিকটিম থাকলে তাদেরকে অভিযোগ নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছে পুলিস।