এমবাপ্পেকে পিএসজিতে রাখতে চান ম্যাক্রন

98

খেলাধুলা ডেস্ক: রেকর্ডগড়া পারিশ্রমিক পেলেন। চুক্তি নবায়নে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও সুযোগ পেলেন। তবুও নাকি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মন টিকছে না কিলিয়ান এমবাপ্পের। নতুন মৌসুমে নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন ফরাসি ফরোয়ার্ড। তবে এখনই এমবাপ্পের প্রস্থান চাইছেন না অধিকাংশ পিএসজি সমর্থক। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনও চান না, পিএসজি ছাড়ুক এমবাপ্পে।

গত বছর কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনা জেগেছিল। তবে শেষ মুহূর্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফরাসি তারকার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ায় পিএসজি। সেখানে একটি শর্তও ছিল। এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেই সিদ্ধান্ত এই বছরের জুলাইয়ের মধ্যেই নিতে হবে এমবাপ্পেকে।

তবে ফরাসি গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। নিজের ইচ্ছার কথা ক্লাবকে জানিয়ে একটা আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন তিনি। চুক্তি না বাড়ালে আগামী মৌসুমের পরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। ফরাসি গণামাধ্যম লেকিপ জানিয়েছে, এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়, বুধবার প্যারিসে ভাইভাটেক শোর সাইডলাইনে এমবাপ্পেকে নিয়ে ম্যাক্রনকে প্রশ্ন করেন এক পিএসজি সমর্থক। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন বলেন, ‘এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই।’ পরক্ষণেই তিনি বলেন, ‘আমি (এমবাপ্পেকে ধরে রাখার বিষয়ে) চেষ্টা করব।’ গত বছর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়া প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন। কিন্তু এমানুয়েল ম্যাক্রন তাকে পিএসজিতে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন।
লেকিপ জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পের রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকারও বেশি।

এমবাপ্পের পিএসজি অধ্যায় শেষ হলে পরবর্তী গন্তব্য কোথায়? সম্ভাবনার তালিকায় শুরুর নামটিই হতে পারে রিয়াল মাদ্রিদ। ২০১৭ সাল থেকে ফরাসি ফরোয়ার্ডকে ভেড়ানোর চেষ্টায় রয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। প্রায় প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই পিএসজির সঙ্গে দরকষাকষি করেছে রিয়াল।