আন্তর্জাতিক ডেস্ক: দুই বছর আগে করোনা ধরা পড়ে কমলেশ পতিদারের। তাকে ভর্তি করা হয় গুজরাটের একটি হাসপাতালে। সেখানে তিনি মারা যান। পরিবারের সদস্যরা তার মৃতদেহ বাড়ি নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। কিন্তু সেই কমলেশ পতিদার জীবন্ত ফিরেছেন বাড়ি। এতে পরিবারের সদস্যরা বিস্মিত। এলাকাবাসী বলছেন অবিশ্বাস্য। তবে বিশ্বাস হোক বা না হোক, কমলেশ পতিদার (৩৫) কিন্তু সত্যি সত্যি শনিবার বাড়ি ফিরেছেন এবং এটাই সত্যি। এ খবর দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা। এ সময় কারোধালা গ্রামে এক খালার বাড়ির দরজায় কড়া নাড়েন কমলেশ।
ভিতর থেকে দরজা খুলতেই চোখ ছানাবড়া। এ কী দেখছেন তারা! এ যে কমলেশ। তাহলে তারা দু’বছর আগে কার শেষকৃত্য সম্পন্ন করেছেন!
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ যখন ভারতে আঘাত হানে, তখন অসুস্থ হয়ে পড়েন কমলেশ পতিদার। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের কাছে তার মৃতদেহ তুলে দেয় কর্তৃপক্ষ। কমলেশের খালাতো ভাই মুকেশ পতিদার শনিবার বলেন, মৃতদেহ তারা বাড়ি নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। কিন্তু সেই কমলেশই বাড়ি ফিরেছে। তবে এ সময়ে সে কোথায় ছিল, কি করেছে তার কিছুই প্রকাশ করেনি।
কানওয়ান পুলিশ স্টেশনের ইনচার্জ রাম সিং রাঠোর বলেন, পরিবারের সদস্যদের তথ্যমতে, কমলেশ পতিদার ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন। তাকে গুজরাটের বড়োদরায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় মারা যান বলে চিকিৎসকরা ঘোষণা করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে কমলেশ পতিদারের বক্তব্য রেকর্ড করার পর পরিষ্কার হওয়া যাবে, আসলে কি ঘটেছিল।















