আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ঘিরে রাশিয়ার সৈন্য মোতায়েন করার প্রধান কারণ হলো ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দিতে পারে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন যোগ দিলে দেশটিতে ন্যাটোর সেনারা আসবেন। আর এ বিষয়টিকে রাশিয়া নিজেদের জন্য চরম হুমকি মনে করে।
রাশিয়ার প্রধান দাবি হলো ন্যাটো ইউক্রেনকে কোনোদিন সদস্য বানাবে না সেই নিশ্চয়তা দিতে হবে।
আর আজ জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে পুতিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি এখনই সমাধান করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের মূলত ফের কড়া বার্তাই দিলেন পুতিন।
এ ব্যপারে পুতিন বলেন, তারা বলছে আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার সম্ভাবনা নেই। এটা কি বোঝায়?… ৩০ বছর ধরে আমাদের বলা হচ্ছে ন্যাটোর পরিধি পূর্ব ইউরোপে বাড়ানো হবে না। আর আজ আমরা দেখছি ন্যাটো আমাদের দোরগোড়ায়।
তারা বলছে কালই তো ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না। পরশু দিন কি হবে?
আমরা শুনছি ইউক্রেনও ন্যাটোর সদস্য হতে প্রস্তত না। আমরাও জানি এটি। কিন্তু একই সময়ে তারা বলছে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না কিন্তু এটির জন্য প্রস্তুতি নিচ্ছে।
আমাদের জন্য বিষয়টি অনেক দেরি হয়ে যাবে। তাই আমাদের এখনই বা নিকট ভবিষ্যতে এ প্রশ্নের সমাধান খুঁজতে হবে। আমাদের এজন্য আলোচনা করতে হবে।
সূত্র: আল জাজিরা















