৬২ বছরে আবার বাবা হচ্ছেন মিস্টার বিন

1250

বিনোদন ডেস্ক: ‘মিস্টার বিন’ নামে খুব পরিচিত ব্রিটিশ তারকা রোয়ান অ্যাটকিনসনের নতুন খবর শুনেছেন? তিনি আবার বাবা হচ্ছেন! তাঁর এখন বয়স ৬২ বছর। প্রেমিকা লুইস ফোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। এই অভিনেত্রীর বয়স এখন ২৯। তিন বছর যাবৎ তাঁরা একসঙ্গে আছেন। গত রোববার গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এই জনপ্রিয় অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা সন্তানের মুখ দেখতে পাবেন। ‘দ্য কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম পরিচয় হয়।

রোয়ান অ্যাটকিনসনের প্রথম স্ত্রী বিবিসির মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রী (৫৫)। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। কারণ হিসেবে তখন আদালতে রোয়ান অ্যাটকিনসনের সঙ্গে সুনেত্রা ‘মতের অমিল’কে তুলে ধরেন। দুই পক্ষের সঙ্গে কথা বলে আদালত দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর করেন। এই দম্পতির দুই সন্তান—ছেলে বেনের বয়স ২৩ আর মেয়ে লিলির ২১। বছর তিনেক আগে নিজের নামের শেষাংশ থেকে বাবাকে বাদ দেন নৃত্যশিল্পী লিলি। এরপর তিনি মাকে বেছে নেন।

সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লুইস ফোর্ডের প্রেমে পুরোপুরি জড়িয়ে পড়েন ‘মিস্টার বিন’। এরপর থেকে তাঁরা উত্তর লন্ডনে ৪৬ লাখ পাউন্ড ব্যয়ে নির্মিত কটেজে একসঙ্গে থাকছেন। এখনো বিয়ে না হলেও তাঁদের ভালোবাসায় এতটুকু খামতি নেই। ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ