এসাইলাম সীকারদের নিয়ে ইংল্যান্ডে অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে

108

ওয়ানবাংলানিউজ: লিংকনশায়ারের সমুদ্র উপকূলবর্তী পর্যটন শহর স্কেগনেস। এই শহরের হোটেলগুলোতে হোম অফিস এসাইলাম সীকারদের বসবাসের ব্যবস্থা করে দেয়ার প্রতিবাদে শনিবার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কেগনেস রেলওয়ে স্টেশনের বাইরে কয়েক শ মানুষ সমবেত হয়। শহরের বাইরে থেকেও কিছু লোক আসে সমাবেশে। স্থানীয়রা বলছেন, এই সমাবেশের মাধ্যমে তাঁরা এসাইলাম সীকারদের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীও তাদের উদ্বেগের কারণ জানতে পেরেছে।

এসাইলাম সীকারদের হোটেলে রাখার প্রতিবাদে অনুষ্ঠিত এই সমাবেশে নেতৃত্ব দিয়েছেন স্কেগনেস শহরের বাইরের কিছু লোক। এসব বহিরাগত লোক এসাইলাম সীকারদের নিয়ে সৃষ্ট উত্তেজনাকে পুঁজি করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

কঠিন পুলিশ প্রহরায় প্রতিবাদী জনতার একটি মিছিল স্কেগনেস শহরের কেন্দ্রস্থলের রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে স্কেগনেস শহরের টাওয়ার গার্ডেনসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির আশংকা থাকলেও শেষ পর্যন্ত গুরুতর গণ্ডগোল ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল এবং সমাবেশের কর্মসূচী শেষ হয়।