ভোগান্তি সৃষ্টি করলেই বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

596

নিজস্ব প্রতিবেদক: আমরা প্রত্যাশা করছি, বিএনপি সুশৃঙ্খলভাবে সমাবেশ করবে। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। যদি সমাবেশের কারণে গণভোগান্তি হয় তাহলে তাদের (বিএনপি) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বললেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রোববার সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের পর তিনি বিএনপিকে উদ্দেশ করে এই হুঁশিয়ারি দেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, এখানে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয়। সেই শর্তগুলো দেওয়া হয়েছে। আমরা আশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে। পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। যদি কেউ জন ভোগান্তি সৃষ্টি করে, অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়।
এদিকে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি রয়েছে। অন্যদিকে মৎস্য ভবনের সামনে বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নেতা-কর্মীদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।