ধূমপান করে শাস্তির মুখে সুজন!

124

খেলাধুলা ডেস্ক: বিপিএলের প্লে-অফে পৌঁছাতে পারেনি খুলনা টাইগার্স। শেষ চার দলের একটি না হতে পারা খুলনা শেষটা রাঙায় জয় দিয়ে। নিজেদের দ্বাদশ ম্যাচে ফরচুন বরিশালকে হারায় ৬ উইকেটে। দলের দাপুটে জয়ে বাহবা পেতেই পারেন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন। তবে সাফল্যের দিনে ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কে জড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান টিম ডিরেক্টর। এতে শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি।

শুক্রবার মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স ইনিংসের ঘটনা। বরিশালের দেয়া ১৭০ রানের টার্গেটে শেষ ৪ বলে ৪ রান প্রয়োজন খুলনার। তখনই সরাসরি ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার চোখে ধরা পড়ে সুজনের ধূমপানের দৃশ্য। এরপর তার স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন নেটিজেনরা। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় নিন্দার ঝড়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ক্রিকেটীয় আইনে নিষিদ্ধ এমন কাজ করায় মৌখিক সতর্ক করা বা জরিমানার মুখে পড়তে পারেন খালেদ মাহমুদ সুজন।
বরিশাল-খুলনা ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন দেবব্রত পাল। গণমাধ্যমের প্রশ্নে সুজনের ধূমপান প্রসঙ্গে স্পষ্ট কোনো জবাব দেননি সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি শুধু ফুটেজ দেখেছি। এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারব না।’

বিপিএলে ধূমপান করা নতুন ঘটনা নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির অষ্টম আসরে মাঠেই ইলেক্ট্রিক সিগারেট পান করে বিতর্কের জন্ম দিয়েছিলেন মিনিস্টার ঢাকার মোহাম্মদ শেহজাদ। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান ক্রিকেটারকে মৌখিকভাবে সতর্ক করেছিল। তাছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে যোগ করা হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট।