খেলাধুলা ডেস্ক: টানা তিন মাচ জিতে দারুণ চনমনে ছিল সিলেট সিক্সার্স। তবে মাটিতে নামতেও খুব একটা সময় নিল না দলটি। টানা দুটি ম্যাচ হেরে বেশ চাপে এখন নাসির হোসেনের দল। ঢাকা-পর্বের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আট উইকেটে হারল সিলেট সিক্সার্স।
প্রথমে ব্যাটিং করে শহীদ আফ্রিদি ও সুনীল নারাইনের বোলিং তোপে পড়ে মাত্র ১০১ রান করতে সমর্থ হয় সিলেট। জবাবে আফ্রিদি ও এভিন লুইসের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ঢাকা।
১০২ রানের মামুলি সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন আফ্রিদি। মাত্র ১৭ বলে পাঁচটি বিশাল ছয়ে ৩৭ রান করেন তিনি। দলীয় ৫৯ রানে আফ্রিদি ফেরার পর ক্যামেরন দেলপোর্টকেও ফেরান ইংলিশ পেসার টিম ব্রেসনান। এরপর ব্যাটিং তাণ্ডব শুরু করেন এভিন লুইস। ১৮ বলে পাঁচটি ছয় ও দুটি চারে ৪৪ রান করে অপরাজিত থাকেন এই ব্যারিবীয় ব্যাটসম্যান। অপরপ্রান্তে ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে আফ্রিদি-নারাইনের স্পিনের সামনে সিলেটের একের পর ব্যাটসম্যান নাকাল হয়েছেন। প্রথম তিন ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান উপুল থারাঙ্গা আজ ফেরেন মাত্র এক রান করে। এরপর সাব্বির রহমানও এক রান করে ফিরে যান। মাত্র ৫৩ রান করতেই প্যাভিলিয়নে ফিরে যান দলটির নয়জন ব্যাটনসম্যান।
একটা সময় বিপিএলের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডের (সর্বনিম্ন রান ৪৪, খুলনা টাইটানস। দ্বিতীয় সর্বনিম্ন ৫৮ রান, বরিশাল বুলস) সামনে ছিল সিলেট। তবে আবুল হাসান ও তাইজুলের দৃঢ়তায় সেই লজ্জায় পড়তে হয়নি তাঁদের। দশম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন তাঁরা। সর্বোচ্চ ৩০ রান করেন পেসার আবুল হাসান রাজু। তাইজুল ১৬ ও দানুশকা গুনাথিলাকা করেন ১৫ রান। এ ছাড়া অধিনায়ক নাসিরের ব্যাট থেকে আসে ১০ রান।
ঢাকা ডায়নামাইটসের হয়ে শহীদ আফ্রিদি নেন চারটি উইকেট। এ ছাড়া সুনীল নারাইন তিনটি ও আবু হায়দার রনি দখল করেন দুটি উইকেট।















