ঢাকা সংবাদদাতা: শেষ মুহূর্তে এসে মাঠে নেই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এখন দৃশ্যমান প্রার্থী কেবল উকিল আবদুস সাত্তার ভূঁইয়াই। জাপার প্রার্থীর লোকজনও এখন সাত্তারের পক্ষে কাজ করছেন। এতে সাত্তারের পথ এখন আরও পরিষ্কার।
৮ জানুয়ারি যাচাই-বাছাইয়ের পর নির্বাচনের মাঠে ছিলেন আট প্রার্থী। পরে দলীয় নির্দেশে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ তিন স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়। এরপর জাতীয় পার্টির দুবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাও নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন চার প্রার্থী।
সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ। আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর নির্বাচনী প্রচারণার লোকজনও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আইনজীবী আবদুল হামিদ ভাসানী প্রচারণার শুরু থেকেই তেমন জমাতে পারেননি। তাঁর প্রচারণায় দলীয় নেতা-কর্মীর উপস্থিতি ছিল খুবই কম।
আবু আসিফ আহমেদ মাঠ ছাড়ার পর থেকে প্রশাসনের লোকজন নজর দিয়েছেন জাপার প্রার্থীর দিকে। পুলিশ সদস্যদের দুই দিন ধরে জাপার প্রার্থীর কর্মী-সমর্থক ও এজেন্টদের তালিকা করতে দেখা গেছে।
উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা জাপার প্রার্থীর কর্মী ছিলেন এক তরুণ। তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল লাঙলের এজেন্ট হব। আজ সিদ্ধান্ত নিলাম ভোটকেন্দ্রেই যাব না। শুনছি আমাদের তালিকা করা হচ্ছে।’















