সিলেটের বিপক্ষে মাঠে নামছে চ্যাম্পিয়ন কুমিল্লা

78

সিলেট সংবাদদাতা: একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল লড়াই। সোমবার দিনের প্রথম ম্যাচে উড়তে থাকা মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

অন্যদিকে সন্ধ্যায় পরের খেলায় অংশ নেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর খুলনা টাইগার্স। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এ দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। চট্টগ্রাম হেরেছে সিলেটের কাছে। আর ঢাকা ডমিনেটর্সের কাছে হার মেনেছে খুলনা। দেখা যাক তামিম ও ইয়াসির রাব্বির খুলনা না শুভাগত হোম ও আফিফের চট্টগ্রাম কোন দল খুঁজে পায় জয়ের পথ?

কাগজে কলমে সেরা তিন দলে ছিল না সিলেট স্ট্রাইকার্স, চারে রাখতেও দ্বিধায় ছিলেন; তবে নবম আসরে চেহারা বদলেছে দলটির।

মাশরাফি-মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে, পারফর্ম করছেন জাকির-রাজাদের মতো তরুণ তুর্কিরাও। আর তাতে ভর করে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে উড়িয়ে যাত্রা শুরু। সে জয় ছিল প্রত্যাশিত; কিন্তু শনিবার রাতে সাকিবের শক্তিশালী ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে রীতিমত চমক দেখিয়েছে মাশরাফির সিলেট।

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে পারলে অবস্থান আরও সমৃদ্ধ হবে সিলেটের। তখন তিন খেলার সবকটা জিতে সবার ওপরে চলে যাবে মাশরাফির দল। অন্যদিকে প্রথম ম্যাচে জিততে না পারার আক্ষেপ ঘুচিয়ে জয় পেতে মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সও।

দলটির দুই প্রধান ব্যাটিং স্তম্ভ লিটন দাস আর ডেভিড মালান প্রথম ম্যাচে রান পাননি। দু’জনই আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে শুরু করেও যথাক্রমে ১৯ আর ১৭ রানে ফিরে গেছেন। দেখা যাক, সোমবার লিটন আর মালান ব্যাট হাতে জ্বলে উঠে কুমিল্লাকে জয়ের কক্ষপথে ফেরাতে পারেন কি না?