পদত্যাগপত্র জমা দিয়েছেন হাথুরুসিংহে!

640

খেলাধুলা ডেস্ক: বেশ কয়েক দিন ধরেই শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে দ্বায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছিল। জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। এমনই সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

যদিও বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার ক্রিকইনফো জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দুপক্ষ এরই মধ্যে সমঝোতায় এসেছে।
শ্রীলঙ্কা বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট এজ জানায়, শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব থেকে গ্রাহাম ফোর্ডের পদত্যাগের পর অস্ট্রেলিয়ার ডিন জোন্স ও জেসন গিলেস্পির সঙ্গেও আলোচনা চলছিল। তবে এদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন হাথুরুসিংহে।

২০১৪ সালের মে মাসে মাশরাফি-সাকিবদের দায়িত্ব নেন হাথুরু। তার অধীনে বাংলাদেশ দল ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। এর পর ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

সে বছরই ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে লঙ্কান বোর্ডের নজর কাড়েন শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা এ ক্রিকেটার এর আগে ২০১৬ সালের অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন। সেবার বিসিবি তার সঙ্গে সমঝোতায় আসে। তার সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত।

চলতি বছর শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে জয় পায় টাইগারবাহিনী। সেসময় নিজ দেশে ফেরার ইচ্ছা জানান হাথুরু। সেসময় তিনি বলেন, যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।