খেলাধুলা ডেস্ক: অধরা স্বপ্ন ধরা দিয়েছে লিওনেল মেসির হাতে। বিশ্বকাপ জিতে অমরত্ব পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
৩৫ বছর বয়স লিওনেল মেসির। এই বয়সেও বিশ্বকাপে তরুণদের মতো পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে জিতেছেন গোল্ডেন বুট। দুর্দান্ত ফর্মে থাকা মেসির সঙ্গে শিগগির আলোচনায় বসবেন পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি। আরএমসি স্পোর্টসকে তিনি বলেন, ‘মেসিকে নিয়ে আর কী বলার আছে। বিশ্বকাপের পর তার সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে আমাদের।’
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। আগামী বছরের ৩০শে জুন লা প্যারিসিয়ানদের সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। শুধু কি বিশ্বকাপের ছন্দ? ফরাসি লিগ ওয়ানেও দুর্দান্ত ফর্মে রয়েছেন সাত ব্যালন ডি’অরের মালিক।
বিশ্বকাপের আগে লিগ ওয়ানে ১৩ ম্যাচ খেলে ৭ গোল করেন তিনি। সতীর্থদের দিয়ে করান ১০ গোল। চ্যাম্পিয়নস লীগে ৫ ম্যাচে ৪টি করে গোল এবং অ্যাসিস্ট করেন মেসি। খেলাইফি বলেন, ‘আমি লিওর জন্য আনন্দিত। (বিশ্বকাপে) সে সেরা ছন্দটা দেখিয়েছ। এই ট্রফি তার প্রাপ্য।’
গত জুনে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করেছে পিএসজি। তবুও গুঞ্জন রয়েছে প্যারিস ত্যাগ করতে চান ফরাসি ফরোয়ার্ড। নাসির আল খেলাইফি বলেন, ‘অবশ্যই, আমরা লিও মেসি এবং এমবাপ্পেকে ধরে রাখতে চাই। তাদের একজন টুর্নামেন্ট সেরা, অপরজন সর্বোচ্চ গোলদাতা।’ বিশ্বকাপে মেসির মতো বিধ্বংসী ছিলেন এমবাপ্পেও। কাতার আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন। যা ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা। তাই নিশ্চিতভাবেই এমবাপ্পেকে ধরে রাখতে চাইবে পিএসজি। খেলাইফি বলেন, ‘ফরাসি ক্লাবের সভাপতি হওয়ায় ফ্রান্সের জন্য খারাপ লাগছে আমার। তারা দুর্দান্ত খেলেছে। কিলিয়ানের (এমবাপ্পে) আরেকটি বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।’














